দুই বাজারেই সূচক কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র আশুরা উপলক্ষে একদিন লেনদেন বন্ধ থাকার পর আজ বুধবার দেশের শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২০.৪৮ পয়েন্ট কমে ৫০৩১.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। দুপুর সাড়ে ১২টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১২১ পয়েন্ট কমে যায়। আর বেলা একটায় কমেছিল ১৪১ পয়েন্টের মতো। তবে বেলা দুইটার দিকে এসইসির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার সংরক্ষণ-সংক্রান্ত আইনি বাধা শিথিল করা হয়। ফলে উদ্যোক্তাদের শেয়ার ক্রয়ে কোনো বাধা থাকল না। এ ঘোষণার পর সূচকের তীর ঊর্ধ্বমুখী হতে শুরু করে। এমনকি লেনদেন শেষ হওয়ার ১৫ মিনিট আগে সূচক ৩৫ পয়েন্ট বেড়ে যায়। তবে শেষ পর্যন্ত সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।আজ ডিএসইতে মোট ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩টির দাম বেড়েছে, কমেছে ১২২টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৭৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, আফতাব অটো, ইউসিবিএল, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, ফু ওয়াং ফুড, এনবিএল, বেক্সিমকো ফার্মা ও যমুনা অয়েল।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১০.৪৬ পয়েন্ট কমে ১৪৩৫২.৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দাম বেড়েছে, কমেছে ৬১টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৮ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকার বেশি।