দুই বাজারেই সূচক কিছুটা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক সামান্য বেড়েছে। তবে লেনদেন কমেছে দুই বাজারেই।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৭ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪২৭৮ পয়েন্টে। পাশাপাশি ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫৮ পয়েন্টে।

সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। একপর্যায়ে ডিএসইএক্স সূচক গত বৃহস্পতিবারের চেয়ে ৬৪ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু পরে সূচক বাড়ার হার কমতে শুরু করলেও শেষ পর্যন্ত বাড়তি প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৫টির দাম বেড়েছে, কমেছে ১১২টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ৮৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৫৫ কোটি টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৯১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল টেলিযোগাযোগ খাতের কোম্পানি বিএসসিসিএল। আজ এই কোম্পানির ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, পদ্মা অয়েল, ওরিয়ন ফার্মা, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, যমুনা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস লেনদেনের শীর্ষে উঠে আসে।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩২৭৮ পয়েন্টে। সিএসইতে আজ ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১০টির দাম বেড়েছে; কমেছে ৯০টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা কম। বৃহস্পতিবার সিএসইতে ৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।