দুই বাজারেই সূচক বাড়ল
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। আজ বৃহস্পতিবার দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে গতকালের চেয়ে লেনদেন বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৩৬৫ পয়েন্টে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ মোট ২৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১০টিরই দাম বেড়েছে। কমেছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দিন শেষে স্টক এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯১ কোটি টাকার, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: গ্রামীণ ফোন, ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, তিতাস গ্যাস, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, সায়হাম টেক্সটাইল, বিএসসিসিএল, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড ও অলিম্পিক ইন্ডাস্টিজ প্রভৃতি।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২০৪ পয়েন্ট বেড়ে ১৩২৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩২টিরই দাম বেড়েছে। কমেছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা বেশি।