দুই বাজারেই সূচক বেড়েছে
দিনভর উত্থান-পতনের পর গতকাল সোমবার লেনদেন শেষে দেশের শেয়ারবাজারের মূল্যসূচক বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে দিনের শেষে যোগ হয়েছে প্রায় ২৪ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচকে যোগ হয়েছে প্রায় ৬৫ পয়েন্ট।তবে ঢাকার বাজারে গতকাল লেনদেন বাড়লেও চট্টগ্রামের বাজারে তা আগের দিনের চেয়ে কমে গেছে।বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখন শেয়ারের দামের খাতভিত্তিক উত্থান-পতন ঘটছে। এক খাত থেকে অন্য খাতে স্থানান্তরিত হচ্ছে বিনিয়োগ। পাশাপাশি মৌলভিত্তি-সম্পন্ন যেসব কোম্পানির আর্থিক বছর জুন মাসে শেষ হয়েছে, সেসব কোম্পানির প্রতিও বিনিয়োগকারীদের বেশ আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে সরকারি বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের এই আগ্রহ বেশি লক্ষ করা যাচ্ছে।বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সিএসইর সভাপতি আল মারুফ খান প্রথম আলোকে বলেন, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণসংক্রান্ত জটিলতা, বাজেট ও মুদ্রানীতিকে ঘিরে তৈরি হওয়া নানা শঙ্কাসহ অনেকগুলো আলোচিত ঘটনার পর বাজার ধীরে ধীরে তার নিজস্ব রূপে ফিরতে শুরু করেছে। সাধারণত প্রতিবছরই দেখা যায়, রমজান মাসের শেষের দিকে বাজার ইতিবাচক ধারায় থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।মারুফ খান আরও বলেন, ধীরে ধীরে বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারী বাজারে সক্রিয় হচ্ছেন। দেশীয় ব্যক্তিশ্রেণী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর পাশাপাশি বিদেশি বিনিয়োগও আগের চেয়ে বেড়েছে। এটা খুবই আশার দিক।আল মারুফ খানের মতে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া তালিকাভুক্ত অনেক মৌলভিত্তির কোম্পানির আর্থিক বছর জুন মাসে শেষ হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনেক কোম্পানি রয়েছে। সামনে এসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা করবে। সেটিকে কেন্দ্র করে এসব কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যাচ্ছে।জানা গেছে, তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ৫৭টি কোম্পানি রয়েছে, যেগুলোর আর্থিক বছর জুন মাসে শেষ হয়েছে।সিএসইর সভাপতি আরও বলেন, বাজারের এ অবস্থায় যখনই টানা কয়েক দিন দাম বাড়তে থাকে, তখন বিনিয়োগকারীদের মধ্যে স্বল্প সময়ে মুনাফা তুলে নেওয়ার একধরনের প্রবণতা তৈরি হয়। এটিও অস্বাভাবিক কোনো আচরণ নয়। ঢাকার বাজারে এদিন ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ৯৪টির আর অপরিবর্তিত ছিল ২৩টির দাম। দিনের শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৪৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১০২ কোটি টাকা বেশি। ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৪৭৭ পয়েন্ট। চট্টগ্রামের বাজারে ১৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০১টিরই দাম বেড়েছে, কমেছে ৭৪টির আর অপরিবর্তিত ছিল ১৬টির দাম। দিনের শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় চার কোটি টাকা কম। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৪৮৩ পয়েন্ট।