দুই বাণিজ্য সংগঠন একীভূত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়িক কার্যক্রম ও উত্পাদিত পণ্য একই ধরনের হওয়ার পরও বেশ কিছু খাতের ব্যবসায়ীরা একাধিক সমিতি গঠন করেছেন। কিন্তু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশের দুটি ব্যবসায়িক সংগঠন। আলাদা বাণিজ্য সংগঠন (টিও) লাইসেন্স থাকার পরও দীর্ঘদিনের প্রচেষ্টায় ইন্টারন্যাশনাল ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং অ্যাসোসিয়েশন অব কার্গো এজেন্টস অব বাংলাদেশ একীভূত হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে সম্প্রতি এক প্রজ্ঞাপন জারি করে সমিতি দুটির বাণিজ্য সংগঠনের (টিও) লাইসেন্স বাতিল করে নতুন সমিতি হিসেবে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন হিসেবে লাইসেন্স দিয়েছে। সংগঠন দুটিকে একীভূত করে একটি নতুন সমিতি গঠনের অনুকূলে লাইসেন্স দেওয়ায় সমিতির নেতারা স্বাগত জানিয়েছেন।সদ্য বিলুপ্ত ইন্টারন্যাশনাল ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাবেক সভাপতি কাপ্টেন সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, সংগঠন দুটির ব্যবসায়িক কার্যক্রম ছাড়াও আদর্শ এবং উদ্দেশ্য এক হওয়ায় ২০০২ সাল থেকে একীভূত হওয়ার প্রচেষ্টা শুরু হয়। এ জন্য দুই সমিতির সদস্যরা আলাদা বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকে সিদ্ধান্ত নেন। আলাদা টিও লাইসেন্সধারী দুটি সমিতি একীভূত হওয়ার ঘটনা এটাই প্রথম। শেষ পর্যন্ত একীভূত হওয়ায় তিনিও খুশি বলে জানান সাইফুর রহমান। সংগঠন দুটির এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন একাধিক ব্যবসায়িক নেতা। তাঁরা জানান, ব্যবসায়িক খাত ও উত্পাদিত পণ্য এক হওয়ার পরও কেবল নেতা হওয়ার জন্য কয়েকজনে মিলে আলাদা সংগঠন গঠন করেন। কিন্তু যেসব সমিতির আদর্শ এবং উদ্দেশ্য এক তাদের একীভূত করা প্রয়োজন। এতে ব্যবসায়িক সংগঠনের গতি ও স্বচ্ছতা বাড়বে বলে তাঁরা জানান।এই সংগঠনের সদস্যরা বিদেশ থেকে পণ্য আমদানি ও বিদেশে পণ্য রপ্তানির কাজে যাবতীয় সহযোগিতামূলক কাজ করে থাকেন। তাঁরা জাহাজ থেকে পণ্য খালাস করার পর তা ছাড় করানোর কাজ করে। অন্যদিকে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় নিয়মিত চাঁদা পরিশোধ না করা পাঁচটি সংগঠনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। এতে করে আসন্ন নির্বাচনে সমিতিগুলো ভোটার অধিকার হারাতে পারে। যেসব সমিতির সদস্যপদ স্থগিত করা হয়েছে, সেগুলো হলো বাংলাদেশ এনার্জি কোম্পানিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেশিন মেইড আরসিসি পাইপ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ঋণগ্রহীতা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ রাবার বাগান মালিক সমিতি।