
ব্যবসা-বাণিজ্যে অসামান্য অবদানের জন্য দেশের দুই ব্যবসায়ী ও দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ডিএইচএল-ডেইলি স্টার। পুরস্কারের নাম ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড, ২০১৫’।
আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার যৌথভাবে ১৫ বছর ধরে এ পুরস্কার দিয়ে আসছে।
গতকাল শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চার ব্যবসায়ীর হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পুরস্কার দেওয়া হয় চারটি শ্রেণিতে।
‘বছরের সেরা ব্যবসায়ী ব্যক্তিত্ব’ শ্রেণিতে পুরস্কার পেয়েছেন সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশনের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। দেশের মোট উৎপাদিত বিদ্যুতের ১৬ শতাংশ সামিট পাওয়ার একাই উৎপাদন করে।
‘বছরের ব্যবসায় অসাধারণ নারী’ হিসেবে পুরস্কৃত হয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। তিনি দেশের অন্যতম কয়েকটি তৈরি পোশাক কারখানার উদ্যোক্তা পরিচালক। গত বছর তিনি সাত কোটি ডলারের পণ্য বিদেশে রপ্তানি করেছেন। গত বছরের উৎপাদন প্রবৃদ্ধি ১৫ শতাংশ।
এর বাইরে ‘বছরের সেরা আর্থিক প্রতিষ্ঠান’ শ্রেণিতে পুরস্কার পেয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান। গত বছর অন্য ব্যাংক যেখানে ১০-১৫ শতাংশ লভ্যাংশ দিতে হিমশিম খেয়েছে, সেখানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গত বছর শেয়ারধারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। ব্যাংকটির পরিচালন মুনাফার প্রবৃদ্ধি ২৪ শতাংশ।
আর ‘বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা’ শ্রেণিতে পুরস্কার পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। পুরস্কার গ্রহণ করেন গ্রুপের পরিচালক মাহবুবুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, চার দশকে দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে। এতে বেসরকারি খাতের অবদানই বড়। ব্যবসায়ীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘ভালো কাজ করলে একদিন পুরস্কার পাবেনই।’
দেশের বেসরকারি খাতকে আরও বিকশিত করতে ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ ও পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহবান জানান ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
মাহফুজ আনাম বলেন, রাজনৈতিক অনিশ্চয়তামুক্ত পরিবেশ তৈরি করতে পারলে এ দেশের ব্যবসায়ীরা ফেসবুক ও গুগলের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানেরও জন্ম দিতে পারবেন।
ডিএইচএলের সাউথইস্ট এশিয়া ও সাউথ এশিয়ার আঞ্চলিক পরিচালক ইয়াসমিন আলআদাদ খান বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে সামান্যতম অংশীদার হতে পেরে তাঁর নিজের কাছে ভালো লাগছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, স্কয়ার গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ডিএইচএলের আবাসিক ব্যবস্থাপক ডেসমন্ড কুইয়াসহ দেশের বিশিষ্ট রাজনীতিক, আমলা, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও বিশিষ্ট নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিক্রিয়া: পুরস্কার পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আনিস এ খান বলেন, অন্য ব্যাংকের তুলনায় তাঁর ব্যাংক একটু ব্যতিক্রম। কারণ, সুশাসন ও গ্রাহকসেবায় অগ্রাধিকার দিয়ে ব্যাংকের ব্যবস্থাপনার দিকটি তিনি স্বাধীনভাবে পরিচালনা করতে পারেন।
রুবানা হক বলেন, ‘আমরা সাধ্যানুযায়ী চেষ্টা করছি। তবে সব উদ্যোক্তারই উচিত দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।’
মাহবুবুল আলম বলেন, এই পুরস্কার ভবিষ্যতের চ্যালেঞ্জিং যাত্রাকে সহজ করতে ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন। দেশে স্মার্টফোন কোম্পানি তৈরির পরিকল্পনার কথা জানান তিনি।