দুই ব্যাংকের রাইট শেয়ার ছাড়ার আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধিমালার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ার আবেদন নাকচ করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকাল মঙ্গলবারের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এ ছাড়া সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ জালালাবাদ সিকিউরিটিজকে তিন লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিএসইসি জানিয়েছে, রাইট ইস্যু রুলস অনুযায়ী অবলেখনের (আন্ডাররাইটিং) শর্ত পরিপূর্ণ না করায় ব্র্যাক ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ার ছাড়ার আবেদন কমিশন বিবেচনা করেনি।ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্র্যাক ব্যাংক চলতি বছরের ১৬ এপ্রিল রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয়। কোম্পানিটি বিদ্যমান দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়ার কথা জানায়। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা অধিমূল্য যোগ করে প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ২০ টাকা। অন্যদিকে, গত বছরের ৩০ এপ্রিল রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দেয় আইএফআইসি ব্যাংক। কোম্পানিটি বিদ্যমান চারটি সাধারণ শেয়ারের বিপরীতে তিনটি রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয়। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা অধিমূল্য যোগ করে প্রতিটি রাইট শেয়ারের দাম নির্ধারণ করা হয় ২০ টাকা।