দুই ব্রোকারেজ হাউসকে আট লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত দুটি ব্রোকারেজ হাউসকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে ডিএসইর সদস্য ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ড এবং সিএসইর সদস্য হোলিসিটি সিকিউরিটিজ। আইন ভঙ্গের দায়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করে।
বিএসইসির গতকাল বৃহস্পতিবারের সভায় জরিমানার এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফারইস্ট স্টকসকে এক লাখ টাকা ও হোলিসিটি সিকিউরিটিজকে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।
স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা হওয়ার পর ব্রোকারেজ হাউসগুলোকে লেনদেনের সনদধারী প্রতিষ্ঠান বা ট্রেক হোল্ডার (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) হিসেবে অভিহিত করা হয়।
এদিকে বিএসইসির গতকালের সভায় তালিকাভুক্ত প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডটির অবসায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শেয়ারবাজারে এটির লেনদেন অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এটি একটি মেয়াদি মিউচুয়াল ফান্ড, যার মেয়াদ উত্তীর্ণ হয়েছে গত ৩১ মার্চ। নিয়ম অনুযায়ী, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ফান্ডটির অবসায়ন বা বেমেয়াদে রূপান্তর হওয়ার কথা। অবসায়ন বা বেমেয়াদি রূপান্তর হলে শেয়ারবাজার থেকে এটি তালিকাচ্যুত হবে।
বিএসইসি বলেছে, ফান্ডটির অবসায়ন বা রূপান্তরের বিষয়টি কমিশনের পর্যালোচনাধীন রয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেয়ারবাজারে এটির লেনদেন অব্যাহত রাখতে বলা হয়েছে।