দুই ব্র্যান্ডের স্মার্টফোন আনল গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোম্যাক্স ও লাভা ব্র্যান্ডের সঙ্গে গ্রামীণফোনের যৌথ ব্র্যান্ডের দুটি স্মার্টফোনের উদ্বোধনী অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদসহ অন্যরা (বাঁ থেকে চতুর্থ)  l ছবি: গ্রামীণফোনের সৌজন্যে
মাইক্রোম্যাক্স ও লাভা ব্র্যান্ডের সঙ্গে গ্রামীণফোনের যৌথ ব্র্যান্ডের দুটি স্মার্টফোনের উদ্বোধনী অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদসহ অন্যরা (বাঁ থেকে চতুর্থ) l ছবি: গ্রামীণফোনের সৌজন্যে

স্মার্টফোন ব্র্যান্ড লাভা ও মাইক্রোম্যাক্সের সঙ্গে যৌথভাবে দুটি স্মার্টফোন বাজারে এনেছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন। এসব ফোনের গায়ে সংশ্লিষ্ট ব্র্যান্ডের লোগোর পাশাপাশি গ্রামীণফোনের লোগোও থাকবে।

রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল রোববার স্মার্টফোন দুটির বিপণন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

অনুষ্ঠানে বলা হয়, মাইক্রোম্যাক্স কিউ ৩৫৪ মডেলের স্মার্টফোনের দাম পড়বে ৩ হাজার ৯৯৯ টাকা। আর লাভা আইরিস ৫০৫ ফোনটির দাম হবে ২ হাজার ৯৪৫ টাকা। ফোন দুটিতে ক্রেতারা ১ বছরের ওয়ারেন্টি পাবেন। দেশজুড়ে গ্রামীণফোন সেন্টার, গ্রামীণফোন এক্সপ্রেস শপ, খুচরা বিক্রয়কেন্দ্র ও অনলাইনে স্মার্টফোন দুটি কিনতে পাওয়া যাবে।

মাইক্রোম্যাক্স কিউ ৩৫৪ স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে, ১ দশমিক ৩ গিগাহার্টজ কোর প্রসেসর ও ১ গিগাবাইট ক্ষমতার র‍্যাম। লাভা আইরিস ফোনটিতে রয়েছে ১ দশমিক ৩ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর ও ৫১২ মেগাবাইট ক্ষমতার র‍্যাম।

বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, স্মার্টফোন দুটির মাধ্যমে গ্রামীণফোন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আর একটি পদক্ষেপ নিল।

অনুষ্ঠানে গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান, মাইক্রোম্যাক্সের ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল বিজনেসের প্রধান সমীর কাকার এবং লাভা ব্র্যান্ডের পরিবেশক গ্রামীণ ডিস্ট্রিবিউশনের প্রধান পরিচালন কর্মকর্তা জহুরুল হক বক্তব্য দেন।