দুই মহাসড়কের পাশে হবে শিল্প করিডর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বেনাপোল ও ঢাকা-মোংলা মহাসড়কের দুই পাশে শিল্প করিডর করবে সরকার। এ জন্য ইতিমধ্যে ঢাকা-মোংলা মহাসড়কের দুই পাশে দুই কিলোমিটার এলাকার জমি পরিকল্পিত শিল্পায়ন ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার ঠেকাতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইনের অধীনে শিল্প করিডর স্থাপনের জন্য একটি বিধিমালা তৈরি করা হচ্ছে।
এ বিধিমালা তৈরি করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সংস্থাটির আগামী বোর্ডসভায় বিধিমালা চূড়ান্ত করা হবে। গতকাল সোমবার বিধিমালার খসড়া চূড়ান্ত করতে রাজধানীর মতিঝিলে বিডার কার্যালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভা শেষে এসব কথা জানান সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ শিল্প করিডর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে বিডার চেয়ারম্যান বলেন, ভারত, মালয়েশিয়া ও থাইল্যান্ড এ ধরনের শিল্প করিডর করে সফল হয়েছে। বাংলাদেশে পরিকল্পিত শিল্পায়ন ও কৃষিজমি রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সভার কার্যপত্রে বলা হয়েছে, ভারতের গুজরাটে আহমেদাবাদ থেকে দক্ষিণের সমুদ্র পর্যন্ত ৩৫০ কিলোমিটার মহাসড়কের পাশে শিল্প করিডর গড়ে উঠেছে। বাংলাদেশে মহাসড়কের আশপাশে শিল্প করিডর প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী একটি সারসংক্ষেপ অনুমোদন করেছেন। পরবর্তী সময়ে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও বাগেরহাট জেলা প্রশাসককে ঢাকা-মোংলা মহাসড়কের উভয় পাশের দুই কিলোমিটার এলাকায় পরিকল্পিত শিল্প স্থাপন ছাড়া অন্য কোনো কাজে জমির ব্যবহার না হয় অথবা ভূমির প্রকৃতি পরিবর্তন না করা হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।
কার্যপত্রে আরও বলা হয়, সরকার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেনাপোল ও পায়রা বন্দরকে সংযুক্ত করে ঢাকা-যশোর শিল্প করিডর স্থাপনের বিষয়টি সক্রিয় বিবেচনায় নিয়েছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইনের প্রদত্ত ক্ষমতায় এ শিল্প করিডর প্রতিষ্ঠা করতে পারে বিডা।
জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, অর্থনৈতিক অঞ্চলের চেয়ে অনেক বিস্তৃত বিষয় হলো শিল্প করিডর। এখানে শুধু কারখানা নয়, এর সহায়ক সবকিছু থাকবে। এ ছাড়া শ্রমিকের আবাসন ও অন্যান্য সুবিধা থাকবে। তবে সবকিছু করা হবে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের অংশীদারত্বে।
বৈঠকে বিডার নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল, অজিত কুমার পাল, পরিচালক তৌহিদুর রহমান খানসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।