দুই মাস টানা কমল প্রবাসী-আয়
দেশে প্রবাসীদের অর্থ পাঠানো কমে গেছে। চলতি অর্থবছরের শুরুতে ওঠা-নামা থাকলেও গত দুই মাস অব্যাহতভাবে কমেছে। এতে রেমিট্যান্স বা প্রবাসী-আয়ের প্রবৃদ্ধি ঋণাত্মক বা নেতিবাচক ধারায় চলে গেছে।
চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম আট মাস অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারি সময়ে ৯৭৬ কোটি ৯২ লাখ মার্কিন ডলার প্রবাসী-আয় এসেছে। এই আয় গত ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ে আসা ৯৯১ কোটি ৯৬ লাখ ডলারের চেয়ে ১ দশমিক ৫২ শতাংশ কম। সাত মাস শেষেও প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক, ১ দশমিক ০৫ শতাংশ। তার মানে ফেব্রুয়ারি শেষে প্রবাসী-আয়ের পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসা তথ্যের ভিত্তিতে প্রবাসী-আয়ের এ হিসাব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরের আট মাসের মধ্যে জুলাই, নভেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এ চার মাসে প্রবাসী-আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। জানুয়ারিতে ১১৫ কোটি ডলারের প্রবাসী-আয় এসেছে। এ আয় গত বছরের জানুয়ারির ১২৪ কোটি ডলারের চেয়ে ৭ দশমিক ৩৪ শতাংশ কম। আর ফেব্রুয়ারিতে প্রবাসী-আয় এসেছে ১১৩ কোটি ডলার। এ আয় গত বছরের ফেব্রুয়ারিতে আসা ১১৯ কোটি ডলারের চেয়ে ৪ দশমিক ৮৯ শতাংশ কম।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সর্বোচ্চ ১৩৮ কোটি ডলার প্রবাসী-আয় আসে দেশে। তবে সেই আয় আগের বছরের জুলাইয়ের ১৪৯ কোটি ডলারের চেয়ে ৬ দশমিক ৮৯ শতাংশ কম প্রবৃদ্ধি হয়। আগস্টে এসে জুলাইয়ের চেয়ে প্রবাসী-আয় কমে যায়, আসে ১১৯ কোটি ডলার। তবে ঈদুল আজহাকে ঘিরে সেপ্টেম্বরে ঘুরে দাঁড়ায় রেমিট্যান্স। দেশে আসে ১৩৪ কোটি ডলারের প্রবাসী-আয়। অবশ্য পরের ছয় মাসে ১৩০ কোটি ডলারের ঘর ছুঁতে পারেনি রেমিট্যান্স। গত অর্থবছর ১ হাজার ৫৩০ কোটি ৯৩ লাখ ডলার প্রবাসী-আয় এসেছিল।
প্রবাসী-আয় অর্জনকারী দেশ হিসেবে বাংলাদেশ এখন সারা বিশ্বে দশম অবস্থানে আছে। ২০১৪-১৫ অর্থবছরে ৩০টি দেশের রেমিট্যান্স প্রবাহ পর্যবেক্ষণ করে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এমনটাই বলেছিল। এতে বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশে ৭৬ লাখ বাংলাদেশি বসবাস করেন। বাংলাদেশ হলো পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ, যে দেশের এত বিপুলসংখ্যক প্রবাসী রয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী এই চার ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে প্রবাসী-আয় এসেছে ৩৪ কোটি ডলার। এর মধ্যে অগ্রণী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি ১২ কোটি ৮২ লাখ ডলার এসেছে। গত জানুয়ারিতে এই চার ব্যাংকের মাধ্যমে এসেছিল ৩৫ কোটি ডলার। এ ছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক, বেসিক ব্যাংক, বিডিবিএল ও রাকাব—এই চার বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে গত ফেব্রুয়ারিতে আসে ১ কোটি ১০ লাখ ডলার। গত জানুয়ারিতে তাদের মাধ্যমে এসেছিল ১ কোটি ১৯ লাখ ডলার।
বেসরকারি ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে গত ফেব্রুয়ারিতে ৭৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সর্বোচ্চ ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৫২ লাখ ডলার। জানুয়ারিতে ব্যাংকটির মাধ্যমে এসেছিল ২৭ কোটি ৫১ লাখ। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে, ৪ কোটি ৮৮ লাখ ডলার। এ ছাড়া চার কোটি ডলারের বেশি প্রবাসী-আয় এসেছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) ও পূবালী ব্যাংকের মাধ্যমে।
অন্যদিকে নয়টি বিদেশি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে গত ফেব্রুয়ারিতে প্রবাসী-আয় এসেছে ১ কোটি ১২ লাখ ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে, ৫৫ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ এইচএসবিসির মাধ্যমে এসেছে ৪২ লাখ ডলার। জানুয়ারিতে বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছিল ১ কোটি ৩২ লাখ ডলার।