দুই মাস পর তামাবিল স্থলবন্দরের অচলাবস্থা নিরসন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল শুল্ক স্থলবন্দরের অচলাবস্থা অবশেষে নিরসন হয়েছে।দীর্ঘ দুই মাস এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় স্থানীয় আমদানি-রপ্তানিকারকেরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, তেমনি প্রায় দুই হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছিলেন। শুল্ক স্থলবন্দরটি আবার চালু হওয়ায় ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, আর শ্রমিকদের মধ্যেও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।ভারতীয় রপ্তানিকারকেরা কয়লার দাম বাড়ানোয় ও সেখানকার পরিবেশ মন্ত্রণালয় পরিবেশ বিপর্যয়ের কথা বলে পাথর উত্তোলন এবং রপ্তানি বন্ধ করে দেওয়ায় দুই মাস ধরে তামাবিল শুল্ক স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকে।জানা গেছে, ৭ সেপ্টেম্বর ভারতের মেঘালয় রাজ্যের জোয়াই শহরে ভারতীয় বন বিভাগ, প্রশাসন ও রপ্তানিকারকদের মধ্যে এক বৈঠকের পর সমস্যার সমাধান হয়। এর ফলে অচলাবস্থা নিরসন হয়ে গত রোববার থেকে আবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রথম আলোকে জানান, প্রায় দুই মাস এই স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমিকেরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি সবকারও হারিয়েছে কোটি টাকার রাজস্ব। বন্দরটি আবার চালু হওয়ায় এ সমস্যার সমাধান হলো।