দুই মাসে এক লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০২০-২১ অর্থবছরের শেষ দুই মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপর এক লাখ কোটি টাকা আদায়ের বোঝা চাপল। লক্ষ্য অর্জনে সংস্থাটিকে মে ও জুন মাসে গড়ে ৫০ হাজার কোটি টাকা করে শুল্ক-কর আদায় করতে হবে। অতীতে কখনো এক মাসে এত রাজস্ব আদায় করা সম্ভব হয়নি।

এনবিআরের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাস জুলাই-এপ্রিলে ১ লাখ ৯৭ হাজার ৫৮৩ কোটি টাকার শুল্ক-কর আদায় হয়েছে। প্রথম ১০ মাসে লক্ষ্যের মাত্র দুই-তৃতীয়াংশ অর্জন করা সম্ভব হয়েছে। শেষ দুই মাসে ১ লাখ ৩ হাজার ৪১৭ কোটি টাকা আদায় করতে হবে। সারা বছরে এনবিআরকে মোট আদায় করতে হবে ৩ লাখ ১ হাজার কোটি টাকা।

সাধারণত শেষ দুই মাসে এমনিতে রাজস্ব আদায়ে গতি থাকে। কিন্তু এবার সেটি হওয়ার সম্ভাবনা কম। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত এপ্রিল মাসের পর মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কঠোর বিধিনিষেধ ছিল। করোনার কারণে এবার ব্যবসা-বাণিজ্য এমনিতেই শ্লথ। তাই রাজস্ব আদায়ও তুলনামূলক কম হচ্ছে। তবে তা গত ২০১৯-২০ অর্থবছরের এপ্রিল ও মে মাসের মতো ততটা খারাপ নয়। গতবারের চেয়ে এবার একই সময়ে (জুলাই-এপ্রিল) প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর মনে করেন, করোনা রোধের পদক্ষেপ নেওয়ার পাশাপাশি রাজস্ব খাতে সংস্কার না হওয়ায় শুল্ক-কর আদায়ে প্রবৃদ্ধি কম হচ্ছে। তাঁর মতে, রাজস্ব ঘাটতির পরিমাণ এ বছর ৭০-৮০ হাজার কোটি টাকায় দাঁড়াতে পারে।

এনবিআর সূত্রে জানা গেছে, গত জুলাই-এপ্রিল সময়ে আমদানি পর্যায়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ও সম্পূরক শুল্ক মিলিয়ে ৬১ হাজার ১৩১ কোটি টাকা আদায় হয়েছে। গতবার একই সময়ে আদায় হয়েছিল ৫০ হাজার ৭৯২ কোটি টাকা।

স্থানীয় পর্যায়ে ভ্যাট, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বাবদ ৭৬ হাজার ৭৮১ কোটি টাকা আদায় হয়েছে। গতবার একই সময়ে এসব খাতে আদায়ের পরিমাণ ছিল ৬৯ হাজার ১৪৮ কোটি টাকা। আর জুলাই-এপ্রিলে ৫৯ হাজার ৬৭০ কোটি টাকার আয়কর আদায় হয়েছে, যা আগের বছরের চেয়ে সাড়ে ৪ হাজার কোটি টাকা বেশি।