দুই মাসে কৃষি খাতে ১,৭২৪ কোটি টাকার ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই-আগস্ট মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষি খাতে এক হাজার ৭২৪ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। আগের বছরের একই সময়ে বিতরণ করা হয়েছিল এক হাজার ৫৯৪ কোটি টাকা।

অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম দুই মাসে কৃষিতে ১৩০ কোটি টাকা বা ৮ দশমিক ১৫ শতাংশ বেশি ঋণ বিতরণ করা হয়েছে।

অবশ্য এই সময়ে বেসরকারি ও বিদেশি মিলে ১০টি ব্যাংক কৃষি খাতে কোনো ঋণ দেয়নি। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, এই ব্যাংকগুলোকে নিয়ে শিগগিরই তারা বৈঠক করবে।

২০১৩-১৪ অর্থবছরে কৃষি খাতে ব্যাংকগুলো মোট ১৬ হাজার ৩৭ কোটি টাকার ঋণ বিতরণ করে। লক্ষ্যমাত্রার চেয়ে যা ছিল প্রায় ১০ শতাংশ বেশি।

আগের অর্থবছর অর্থাৎ ২০১২-১২ বছরে ব্যাংকগুলো ১৪ হাজার ১৩০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ১৪ হাজার ৬৬৭ কোটি টাকার ঋণ বিতরণ করে, যা ছিল লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায়, গত দুই মাসে কৃষি খাতে ঋণ বিতরণ করেনি নতুন অনুমোদন পাওয়া ফার্মারস ব্যাংক, মধুমতি ব্যাংক, এনআরবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক। এ ছাড়া বিদেশি মালিকানার ব্যাংক আল-ফালাহ, সিটিব্যাংক এনএ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এ সময় কৃষি খাতে কোনো ঋণ দেয়নি।