দুই মাসে কৃষিঋণ বিতরণ কমেছে প্রায় ২৫ শতাংশ
চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ব্যাংকব্যবস্থা থেকে কৃষিঋণ বিতরণ আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায় যে চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়কালে বিতরণ করা কৃষিঋণের পরিমাণ এক হাজার ১৫৩ কোটি টাকা। আর ২০১০-১১ অর্থবছরের একই সময়ে বিতরণ করা হয়েছিল এক হাজার ৫৪৩ কোটি টাকার সমপরিমাণ কৃষিঋণ।আবার চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিতরণ করা কৃষিঋণ চলতি বছরের মোট লক্ষ্যমাত্রার প্রায় সাড়ে ৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছর ১৩ হাজার ৮০০ কোটি টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য করেছে।চলতি অর্থবছরের প্রথম মাসে বা জুলাইতে বিতরণ করা হয়েছে ৫৪৮ কোটি টাকার কৃষিঋণ আর আগস্ট মাসে বিতরণ করা হয়েছে প্রায় ৬০৫ কোটি টাকার ঋণ।অর্থবছরের প্রথম দুই মাসে কৃষিঋণ বিতরণের পরিমাণ কমে গেলেও বকেয়া কৃষিঋণ বিতরণ আদায় আগের বছরের একই সময়ের চেয়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়কালে ব্যাংকগুলো মোট দুই হাজার ৩৯২ কোটি ৮৫ লাখ টাকার বকেয়া কৃষিঋণ আদায় করেছে, যেখানে গত অর্থবছরের একই সময়ে আদায়কৃত কৃষিঋণের পরিমাণ ছিল দুই হাজার ৭৯ কোটি ৭৭ লাখ টাকা।অর্থাৎ গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বকেয়া কৃষিঋণ আদায় বেড়েছে প্রায় ১৫ শতাংশ।চলতি বছর জুলাই মাসে আদায় করা হয়েছে এক হাজার ৯১৫ কোটি ৩৫ লাখ টাকার বকেয়া কৃষিঋণ। আর আগস্ট মাসে আদায় হয়েছিল ৪৭৭ কোটি ৫০ লাখ টাকার ঋণ।ঋণ বিতরণ কমে যাওয়ার বিপরীতে একই সময়ে বকেয়া আদায় বেড়ে যাওয়ায় আলোচ্য সময়কালে কৃষিঋণের প্রকৃত প্রবাহ নেতিবাচক হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে কৃষিঋণ বিতরণ জোরদার করতে গত দুই বছর বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে অন্যতম হলো, মাত্র ১০ টাকা দিয়ে কৃষকের জন্য ব্যাংক হিসাব খোলার সুযোগ।তবে কোনো কোনো ক্ষেত্রে কৃষকেরা এই সুবিধা পাচ্ছেন না বলে জানা গেছে। বার্তা সংস্থা ইউএনবি পরিবেশিত এক খবরে বলা হয়েছে, খুলনা জেলার দাকোপার বিভিন্ন গ্রামের কৃষকেরা ব্যাংক হিসাব খুলতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন।এসব কৃষক ব্যাংকে ১০ টাকা দিয়ে হিসাব খুলতে গিয়ে পারেননি বরং অনেককে জোর করে ন্যূনতম এক হাজার টাকা আমানত দিয়ে হিসাব খোলানো হয়েছে। এর বাইরে জনপ্রতি ১০০ থেকে ৩০০ টাকা আদায় করা হয়েছে, যার কোনো রসিদ কৃষকদের দেওয়া হয়নি।বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্য জানিয়েছেন যে তাঁরা এসব অভিযোগ যাচাই করে দেখবেন এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।