দুই মাসে চলতি হিসাবের উদ্বৃত্ত ৮৩ কোটি ডলার
চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশের চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা গত অর্থবছরের একই সময়ের চেয়ে দ্বিগুণ হয়েছে।তবে অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসী আয়ের মোট প্রবাহ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় সামান্য কমে গেছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায় যে চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়কালে এই হিসাবের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৮৩ কোটি ৩০ লাখ ডলার। আর ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪০ কোটি ১০ লাখ ডলার।কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক হিসাব অনুসারে, এ বছর আগস্ট মাসে উদ্বৃত্ত ছিল ৩৩ কোটি ৩০ লাখ ডলার। অন্যদিকে গত বছর আগস্ট মাসে চলতি হিসাবে ১৩ কোটি ডলারের ঘাটতি ছিল।আবার চলতি অর্থবছরের জুলাই মাসে চলতি হিসাবে ৫০ কোটি ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। অবশ্য প্রাথমিক হিসাবে এর পরিমাণ ছিল ৫৩ কোটি ২০ লাখ ডলার।চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত এটাই বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায় যে ২০০৪-০৫ অর্থবছরের পর আর কোনো অর্থবছরেই বাংলাদেশকে চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতির সম্মুখীন হতে হয়নি; বরং প্রতিবছরই উদ্বৃত্তাবস্থা বেড়েছে।এই ধারাবাহিকতায় গত ২০০৯-১০ অর্থবছরে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ক্ষেত্রে চলতি হিসাবে বাংলাদেশের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩৭৩ কোটি ৪০ লাখ ডলার, যা এযাবৎ কালের মধ্যে সর্বোচ্চ। মূলত প্রবাসী আয়ের উচ্চ প্রবাহ চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের উদ্বৃত্ত বজায় রাখতে সহায়তা করছে।তবে সার্বিক লেনদেনের ভারসাম্যের পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। ফলে দুই মাসে বাণিজ্য ঘাটতিসহ সার্বিক ভারসাম্যের অবস্থা জানা সম্ভব হয়নি।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায় যে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়কালে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকব্যবস্থার মাধ্যমে দেশে ৩৫৭ কোটি ৬১ লাখ ডলার পাঠিয়েছেন।আর গত অর্থবছরের প্রথম চার মাসে ব্যাংকব্যবস্থার মাধ্যমে তাঁদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ৩৬০ কোটি ৮৮ লাখ ডলার। অর্থাৎ বছরওয়ারী ভিত্তিতে প্রবাসী আয়ের প্রবাহ প্রায় এক শতাংশের মতো হ্রাস পেয়েছে।