দুই মাসে বাণিজ্য ঘাটতি দ্বিগুণের বেশি বেড়েছে
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশের পণ্য-বাণিজ্যে ঘাটতি ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। রপ্তানি আয় কমে যাওয়ার পাশাপাশি আমদানি ব্যয় বাড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১২-১৩ অর্থবছরের জুলাই-আগস্ট সময়কালে পণ্য-বাণিজ্যে ১০০ কোটি ৪০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে। আর ২০১১-১২ অর্থবছরের একই সময় ঘাটতি ছিল ৪৬ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে পণ্য-বাণিজ্যে ঘাটতি দ্বিগুণের বেশি বেড়েছে।আলোচ্য সময়ে সেবা-বাণিজ্যে ৪৯ কোটি ৩০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে। গত বছরের একই সময় ঘাটতি ছিল ৪৬ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে সেবা-বাণিজ্যে ঘাটতি বেড়েছে সামান্য।তবে বাণিজ্য ঘাটতি বাড়লেও প্রবাসী-আয়ের জোরালো প্রবাহের কারণে আলোচ্য সময়ে চলতি হিসাবের ভারসাম্যে ৫৬ কোটি ৭০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। এটি অবশ্য গত বছরের একই সময়ের তুলনায় অনেক কম। ২০১১-১২ অর্থবছরের প্রথম দুই মাসে চলতি হিসাবের ভারসাম্যে ৯৬ কোটি ৪০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল।মোটা দাগে বললে, চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। অর্থাৎ নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এ ক্ষেত্রে উদ্বৃত্ত বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে বোঝায়, ঘাটতি পূরণ করতে ঋণ নিতে হয়। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, এই দুই মাসে আর্থিক হিসাবে ৫৩ কোটি ৯০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। আর গত বছরের একই সময় ৫৪ কোটি ডলারের ঘাটতি ছিল।প্রাথমিক প্রাক্কলন অনুসারে, আলোচ্য সময়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময় ছিল ২৩ কোটি ৩০ লাখ ডলার। ফলে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৩৬ শতাংশ।