দুই মাসে বাণিজ্য-ঘাটতি সাড়ে ৫১ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) পণ্য-বাণিজ্যে ঘাটতি ৫১ কোটি ৪০ লাখ ডলারে উন্নীত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে আরও দেখা যায়, গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল মাত্র ১৬ কোটি ৬০ লাখ ডলার। এই সময়কালে রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় অধিক হারে বৃদ্ধি পাওয়ায় বাণিজ্য-ঘাটতিও স্ফীত হয়েছে বলে প্রতীয়মান হয়।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩৬২ কোটি ৯০ লাখ ডলার, যেখানে ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ২৮১ কোটি ৩০ লাখ ডলার।অন্যদিকে চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়কালে পণ্য আমদানির জন্য ব্যয় করতে হয়েছে ৪১৪ কোটি ৩০ লাখ ডলার, যেখানে গত অর্থবছরের একই সময়ে এই ব্যয় ছিল ২৯৭ কোটি ৯০ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণিতে অবশ্য আমদানি ব্যয় ও রপ্তানি আয়—উভয় তথ্যই এফওবিভিত্তিতে প্রকাশ করা হয়। তাই আমদানি ব্যয়ের সিঅ্যান্ডএফভিত্তিক উপাত্তের তুলনায় এই উপাত্তের কিছুটা কমতি হয়।প্রাপ্ত পরিসংখ্যানে আরও দেখা যায়, আলোচ্য সময়কালে সেবা-বাণিজ্যে ঘাটতিও বেড়েছে। এই দুই মাসে সেবা খাতের বাণিজ্যে ঘাটতি দেখা দিয়েছে ৩৬ কোটি ১০ লাখ ডলার, যেখানে গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৯ কোটি ৫০ লাখ ডলার।সেবা খাতের বাণিজ্যে সাধারণত পর্যটন ও ভ্রমণ, ব্যাংকিং ইত্যাদি খাতের দ্বিপক্ষীয় লেনদেন অন্তর্ভুক্ত হয়ে থাকে।আলোচ্য সময়কালে সেবা খাতে বিদেশ থেকে বাংলাদেশে এসেছে ৩৫ কোটি ডলার, যেখানে বাংলাদেশ এই খাতে ৭১ কোটি ১০ লাখ ডলারের বৈদেশিক মুদ্রা ব্যয় করেছে।কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়কালে চলতি হিসাবের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৮৩ কোটি ৩০ লাখ ডলার। আর ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৩০ কোটি ৪০ লাখ ডলার।এর মধ্যে শুধু আগস্ট মাসেই উদ্বৃত্ত ছিল ৩৩ কোটি ৩০ লাখ ডলার। অন্যদিকে গত বছরের আগস্ট মাসে চলতি হিসাবে ১৩ কোটি ডলারের ঘাটতি ছিল।আবার চলতি অর্থবছরের জুলাই মাসে চলতি হিসাবে ৫০ কোটি ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। মূলত প্রবাসী-আয়ের উচ্চপ্রবাহ চলতি হিসাবের ভারসাম্যের উদ্বৃত্ত ধরে রাখতে সহায়তা করছে।চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত এটাই বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না।চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত থাকলেও আর্থিক হিসাবের ভারসাম্যে এই দুই মাসে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।২০০৯-১০ অর্থবছরের জুলাই-আগস্ট সময়কালে যেখানে এই হিসাবের ভারসাম্যে ২২ কোটি ১০ লাখ ডলারের ঘাটতি ছিল, সেখানে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ঘাটতি দাঁড়িয়েছে ৯৩ কোটি ২০ লাখ ডলার।এই সময়কালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ-প্রবাহ খানিকটা কমে গেছে বলে পরিসংখ্যান থেকে দেখা যায়। গত অর্থবছরের প্রথম দুই মাসে যেখানে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ১২ কোটি ৬০ লাখ ডলার, সেখানে চলতি বছরের প্রথম দুই মাসে এর পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৫০ লাখ ডলার।তবে এই সময়কালে পুঁজিবাজারে দেড় কোটি ডলারের সমপরিমাণ বিদেশি বিনিয়োগ এসেছে বলে পরিসংখ্যান থেকে দেখা যায়।বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে লেনদেনের সার্বিক ভারসাম্যে সাড়ে নয় কোটি ডলারের ঘাটতি দেখা দিয়েছে। অথচ গত অর্থবছরের একই সময়ে সার্বিক লেনদেনে ৯৭ কোটি ৬০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল।এতে প্রতীয়মান হয়, বাংলাদেশের সামগ্রিক লেনদেনের ভারসাম্যের ওপর চাপ বাড়তে শুরু করেছে।