দুই মাসে রাজস্ব আদায় বেড়েছে ১০.১২ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রাজস্ব আদায়ে ১০ দশমিক ১২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১২ হাজার ৭৩৭ কোটি টাকা আদায় করেছে। ২০১১-১২ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ১১ হাজার ৫৫৮ কোটি টাকা। চলতি অর্থবছরে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), আয়করসহ মোট এক লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে দুই মাসে বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় সাড়ে ১১ শতাংশ আদায় হয়েছে। জুলাই-আগস্ট সময়কালে আমদানি পর্যায়ে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। এ খাতে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, রপ্তানি শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) মিলিয়ে আদায় হয়েছে পাঁচ হাজার ১৭০ কোটি ৯৭ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৬১ শতাংশ। গত বছর একই সময়ে রাজস্ব আদায় ছিল চার হাজার ৫০৪ কোটি ৩৪ লাখ টাকা। স্থানীয় পর্যায়ে মূসক, সম্পূরক শুল্ক, টার্নওভার ট্যাক্সসহ মোট রাজস্ব আদায় হয়েছে চার হাজার ৬২৬ কোটি ৯০ লাখ টাকা। প্রবৃদ্ধির হার ছিল ১ দশমিক ৪৩ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এই খাতে রাজস্ব আদায় হয়েছিল চার হাজার ৫৬১ কোটি ৬০ লাখ টাকা। এদিকে আলোচ্য সময়ে আয়কর, ভ্রমণকরসহ মোট প্রত্যক্ষ কর আদায় হয়েছে দুই হাজার ৯৩৯ কোটি ২২ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৯২ শতাংশ। আর গতবার এই সময়ে এই খাতে আদায় ছিল দুই হাজার ৮৯২ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে শুধু আয়কর উপখাতের অবদান দুই হাজার ৮৪৬ কোটি ৯১ লাখ টাকা। আয়কর আদায়ে প্রবৃদ্ধির হার ১৭ দশমিক ১০ শতাংশ। আর গতবার এই সময়ে এই খাতে আদায় ছিল দুই হাজার ৪৩১ কোটি ১৪ লাখ টাকা। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, জুলাই-আগস্ট এই দুই মাসে রাজস্ব আদায়ে আয়কর অনুবিভাগ কিছুটা এগিয়ে থাকলেও পিছিয়ে রয়েছে রাজস্ব আহরণের অপর দুই গুরুত্বপূর্ণ খাত শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) অনুবিভাগ। ফলে সরকারের বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণের প্রাথমিক লক্ষ্যে শুরুতেই কিছুটা হোঁচট খেল রাজস্ব আহরণের দায়িত্বে থাকা এই প্রতিষ্ঠান। তবে এনবিআরের দায়িত্বশীল কর্মকর্তারা মনে করছেন, চলতি বছরের কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। তাঁরা জানান, বছরের প্রথম দিকে সাধারণত রাজস্ব আদায় কিছুটা শ্লথ থাকে। গত বছর রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয় প্রায় ১৯ শতাংশ। এই রকম উচ্চ প্রবৃদ্ধির ওপর চলতি বছর আরেকটি উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য নেয় প্রতিষ্ঠানটি। এর আগের অর্থবছরও উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে সমর্থ হয় এনবিআর। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, পর পর দুই বছর উচ্চ প্রবৃদ্ধি অর্জনের পর তৃতীয়বার ওই প্রবৃদ্ধির ওপর উচ্চ প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে। তবে অব্যাহত ভ্যাট ও শুল্ক ফাঁকি রোধ করা গেলে চলতি বছরের শেষ নাগাদ এ লক্ষ্যও অর্জন অসম্ভব নয় বলে অভিমত দিয়েছেন তাঁরা।