দুই মাসের মধ্যে এক হচ্ছে রবি-এয়ারটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্যবসায়িক কার্যক্রম একীভূত (মার্জার) করতে আনুষ্ঠানিক চুক্তি করেছে মোবাইল অপারেটর রবি ও এয়ারটেল। একীভূত হওয়ার এই প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন হবে বলে অপারেটর দুটি আশা করছে। রবি ও এয়ারটেলের পাঠানো এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রবি-এয়ারটেলের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ ও ভারতী এয়ারটেলের মধ্যে গতকাল বৃহস্পতিবার এ চুক্তি সই হয়েছে। তবে এই চুক্তির কার্যকারিতা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), সরকার ও আদালতের অনুমোদন পাওয়ার ওপর নির্ভরশীল বলেও জানিয়েছে রবি-এয়ারটেল।
একীভূত হতে গত বছরের সেপ্টেম্বরে বিটিআরসির কাছে আবেদন করেছে রবি-এয়ারটেল। সেই আবেদনটির বিভিন্ন দিক বিটিআরসি এখন পরীক্ষা-নিরীক্ষা করছে। একীভূত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সরকার ও বিটিআরসিকে আট সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত।
এতে আরও বলা হয়েছে, ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার সম্ভাবনার বিষয়ে আলোচনা শুরুর ঘোষণা দেওয়ার পর এই চুক্তি হলো। একীভূত কোম্পানিটি ‘রবি’ নামেই ব্যবসা পরিচালনা করবে। এতে রবির মালিকানা থাকবে ৭৫ শতাংশ আর এয়ারটেলের ২৫ শতাংশ। রবির ৭৫ শতাংশ মালিকানার মধ্যে আজিয়াটা গ্রুপের মালিকানা থাকবে ৬৮ দশমিক ৭ শতাংশ আর এনটিটি ডোকোমোর ৬ দশমিক ৩ শতাংশ।
প্রায় চার কোটি গ্রাহক নিয়ে একীভূত অপারেটরটি হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ মোবাইল অপারেটর। বর্তমানে ৫ কোটি ৬৬ লাখ গ্রাহক নিয়ে শীর্ষে আছে গ্রামীণফোন আর ৩ কোটি ২৮ লাখ গ্রাহক নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলালিংক। গ্রাহকসংখ্যায় তৃতীয় অবস্থানে থাকলেও আয়ের দিক থেকে এখনই বাজারের দ্বিতীয় স্থানে আছে রবি।
প্রস্তাবিত এ একীভূতকরণ টেলিযোগাযোগ খাতে বিদ্যমান অসম প্রতিদ্বন্দ্বিতা ও বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করবে বলে মনে করে রবি-এয়ারটেল। যৌথ সক্ষমতাকে কাজে লাগিয়ে একীভূত অপারেটরটি দেশের সবচেয়ে বিস্তৃত মোবাইল নেটওয়ার্কের অধিকারী হবে বলেও উল্লেখ করা হয়েছে যৌথ বিজ্ঞপ্তিতে। দেশের প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে সাশ্রয়ী মূল্যে টেলিযোগাযোগ ও উচ্চ গতির মোবাইল ইন্টারনেট সেবা পৌঁছানো যাবে বলে আশা করছে রবি-এয়ারটেল।
বাজার প্রতিযোগিতা সম্পর্কে রবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরাসিংহে বলেন, বাংলাদেশের বর্তমান অসম প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতাপূর্ণ টেলিযোগাযোগ খাতে একীভূতকরণ অত্যন্ত প্রয়োজনীয়। একীভূতকরণের মাধ্যমে এই খাতের দুই শীর্ষস্থানীয় অপারেটর তাদের সম্মিলিত ক্ষমতা কাজে লাগাতে পারবে, যা এই শিল্পের সার্বিক কল্যাণ ও জাতীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে।
গ্রাহক ও বিনিয়োগকারীদের জন্য আরও কিছু সুবিধার কথা উল্লেখ করে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, একীভূত অপারেটরের চার কোটি গ্রাহক নিজ নেটওয়ার্কে (অন-নেট) অপেক্ষাকৃত কম মূল্যে কল করার সুযোগ পাবেন। গ্রাহক পর্যায়ে সেবা প্রাপ্তি এর ফলে আরও সহজলভ্য হবে।
বিনিয়োগকারীদের সম্পর্কে রবি-এয়ারটেল বলছে, একীভূতকরণের মাধ্যমে দুটি অপারেটরের পরিচালন ব্যয় কমিয়ে আনবে। এতে ব্যবসায়িক লাভ ও অংশীদারদের বিনিয়োগ সুরক্ষিত হবে। সারা দেশে টেলিযোগাযোগ নেটওয়ার্ক বাড়ানোর প্রয়োজনীয় বিনিয়োগে তাদের সক্ষমতা বাড়াবে।
রবি-আজিয়াটা মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও জাপানের এনটিটি ডোকামোর যৌথ উদ্যোগ। এখানে আজিয়াটার শেয়ারের পরিমাণ ৯২ শতাংশ আর এনটিটি ডোকোমোর শেয়ারের পরিমাণ ৮ শতাংশ। আর এয়ারটেল বাংলাদেশের শতভাগ শেয়ারের মালিক ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেল ২০১০ সালে ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশ শেয়ার ১ লাখ ডলারের বিনিময়ে কিনে নিয়ে এয়ারটেল বাংলাদেশ নামে এ দেশে ব্যবসা শুরু করে।
আজিয়াটার প্রেসিডেন্ট ও গ্রুপ প্রধান নির্বাহী জামালুদ্দিন ইব্রাহিম বলেন, ‘বাংলাদেশ আমাদের একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র। আজিয়াটা ১৯৯৬ সালে বাংলাদেশে প্রথম বিনিয়োগ করে। এই অঞ্চলের অন্য সব বিনিয়োগ ক্ষেত্রের মতো আজিয়াটা বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’
ভারতী এয়ারটেলের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোপাল ভিত্তাল বলেন, একীভূত কোম্পানি বাংলাদেশে তার কার্যক্রমের সমন্বয় ঘটিয়ে গ্রাহকদের বিশ্বমানের সেবা দিতে সক্ষম হবে এবং দেশটির টেলিযোগাযোগ খাতের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারবে।