দুই মাসের মধ্যে সমন্বিত বাণিজ্যনীতির খসড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাসের মধ্যে সমন্বিত বাণিজ্যনীতির খসড়া প্রণয়ন করা হবে। আর খসড়া নীতি সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে পর্যালোচনা করেই চূড়ান্ত করা হবে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম চেম্বারে বাণিজ্যনীতিবিষয়ক এক সেমিনারে এ তথ্য জানানো হয়। সেমিনারের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।‘বাংলাদেশ ট্রেড পলিসি সাপোর্ট প্রোগ্রাম’ শীর্ষক চার বছর মেয়াদি প্রকল্পের আওতায় এই সমন্বিত বাণিজ্যনীতি প্রণয়ন করা হচ্ছে। এই নীতির আওতায় বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো—এই তিনটি সংস্থার সক্ষমতা বাড়ানোর কাজ চলছে।সেমিনারে সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এতে বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. ফজলুল হক, উপ-প্রকল্প পরিচালক মো. আবদুস সালাম, প্রকল্পের বিশেষজ্ঞ ক্রিস্টোফার ব্রক্সহোম। প্রকল্পের দলনেতা ডেভিড ফেনিং প্রকল্পের বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।মাহবুবুল আলম বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি সম্পাদনের ক্ষেত্রে এখনো সক্ষমতার ঘাটতি আছে। এ ঘাটতি পূরণে সফল বাণিজ্যনীতি প্রণয়ন জরুরি। প্রকল্প পরিচালক মো. ফজলুল হক বলেন, এ প্রকল্পের আওতায় ইইউতে রপ্তানি পণ্যের জিএসপি সনদ প্রদান করার পদ্ধতি স্বয়ংক্রিয় করা হচ্ছে। এর ফলে অল্প সময়ে এ সনদ প্রদান সম্ভব হবে। সেমিনারে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বরে এই প্রকল্পের কাজ শুরু হয়। এতে ইইউ এবং বাংলাদেশ সরকারের যৌথভাবে ৬৬ লাখ ৬৫ হাজার ইউরো অর্থায়ন করে। আগামী ২০১৫ সালের ৩১ আগস্ট এই প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়।