দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বিশ্ব শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের ঋণসংকট কাটাতে ইউরোপীয় নেতারা গতকাল একটি সমঝোতায় পৌঁছানোয় ইতিবাচক প্রভাব পড়েছে ইউরোপসহ বিশ্ব শেয়ারবাজারে। প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে বিশ্বের শেয়ারবাজার।এশিয়া ও ইউরোপের প্রধান প্রধান শেয়ারবাজারগুলোয় বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রা ইউরোর মানও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে জ্বালানি তেল ও তামার দাম। বিশ্ব শেয়ারবাজারের প্রতিনিধিত্বমূলক নির্দেশিকা হিসেবে খ্যাত ‘এমএসসিআই সব দেশের বৈশ্বিক সূচক’ গতকাল ১ দশমিক ৮০ শতাংশ বাড়ায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর গতকালই সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকে। এর ফলে চলতি মাসে এই সূচক এ পর্যন্ত প্রায় ১১ শতাংশ বাড়ল। এটি দুই বছরের মধ্যে কোনো মাসে সর্বোচ্চ উত্থান।বিশ্বের ২৪টি উন্নত ও ২১টি উদীয়মান অর্থনীতির প্রধান শেয়ারবাজারগুলোকে সমন্বিত করে এই সূচক গঠিত হয়েছে। গতকাল সকালেই ইউরোপীয় ইউনিয়নের নেতারা ঋণসংকট উদ্ধারের তহবিলের পরিমাণ বাড়িয়ে এক লাখ ৪০ হাজার কোটি ডলার নির্ধারণের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে ব্যাংকগুলোও গ্রিক বন্ডে তাদের বিনিয়োগের ৫০ শতাংশ লোকসান মেনে নিতে সম্মত হয়েছে। গতকাল দিনশেষে টোকিও স্টক এক্সচেঞ্জের নিক্কি সূচক ২ শতাংশ এবং হংকংয়ের প্রধান সূচক প্রায় ২ দশমিক ৭০ শতাংশ হারে বৃদ্ধি পায়। সাংহাই স্টক এক্সচেঞ্জেও সূচক বাড়ে প্রায় দশমিক ৮০ শতাংশ। কারিগরি ত্রুটির জন্য সিডনি স্টক এক্সচেঞ্জে দিনের লেনদেন নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর শুরু হয়েও শেষ পর্যন্ত ১ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।ইউরোপের বাজারে লন্ডনের এফটিএসই সূচক ৩ শতাংশের বেশি বেড়েছে। ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স ও প্যারিসের ক্যাক—উভয় মূল্যসূচকই বেড়েছ ৫ শতাংশের কিছু বেশি হারে। সংকটের কেন্দ্রভূমি গ্রিসের এথেন্সে শেয়ারবাজারে বেড়েছে ৪ দশমিক ৮০ শতাংশ হারে। গতকাল মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর ১ দশমিক ৩০ শতাংশ বেড়ে প্রতি ইউরো এক ডলার ৪০ সেন্টে ওঠে। সূত্র: বিবিসি/রয়টার্স।