দুই মাসের মধ্যেই দৌলতগঞ্জ স্থলবন্দর আবার চালু হবে
দুই মাসের মধ্যে চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ স্থলবন্দর নতুনভাবে চালু করা হবে। এটি হলে পশ্চিমবঙ্গের নদীয়ার মাঝদিয়া হয়ে সড়কপথে দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বাড়বে। দৌলতগঞ্জ-মাঝদিয়া স্থলবন্দর পুনরায় চালুর সম্ভাব্যতা যাচাই শেষে গত শনিবার বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কে এম ইয়াহিয়া চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।স্থলবন্দরটির অবকাঠামো পর্যবেক্ষণ ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান শনিবার ওই এলাকা পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ভোলা নাথ দে, ৩৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সুলতান আহমেদ, স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার আবু মনসুর আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমান, চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি হাবিবুর রহমান, কুষ্টিয়ার কাস্টম কর্মকর্তা এস এম শামসুজ্জামান, রাজস্ব কর্মকর্তা প্রভাষ কুমার বিশ্বাস প্রমুখ।কর্তৃপক্ষের চেয়ারম্যান পরে জীবননগর সিঅ্যান্ডএফ ব্যবসায়ী এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।স্থানীয় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল হক বলেন, এই স্থলবন্দর চালু হলে ঢাকা থেকে কলকাতার দূরত্ব ১০০ কিলোমিটার কমে যাবে। ব্যবসায়ীরাও আর্থিকভাবে লাভবান হবেন। তা ছাড়া বেনাপোল স্থলবন্দরের ওপরও চাপ কমবে।