দুই যুগেও গঠিত হলো না অ্যাপারেল বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক খাতের সার্বিক তত্ত্বাবধানের জন্য দুই যুগ ধরে চেষ্টা চলছে একটি অ্যাপারেল বোর্ড গঠনের। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। ১৯৮৯ সালের ৮ জানুয়ারি মন্ত্রিসভায় অ্যাপারেল বোর্ড গঠনের বিষয়টি প্রথম নীতিগতভাবে অনুমোদন হওয়ার পর থেকে বছরের পর বছর নানা প্রয়াস নেওয়া হলেও শেষ পর্যন্ত সাফল্য আসেনি।জানা গেছে, নীতিগত অনুমোদনের পরপরই বোর্ডের জনবলকাঠামো পর্যন্ত ঠিকঠাক করা হয়েছিল। তার পরই তা থমকে যায়। পরবর্তী সময়ে প্রতিটি সরকারই একাধিকবার কিছু কিছু পদক্ষেপ নেয়। তাতে করে দুই যুগ শেষে একটা আইনি কাঠামো দাঁড় করানো গেছে। সাফল্য বলতে এটুকুই।জানা গেছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পারস্পরিক অসহযোগিতার জন্যই এই বোর্ড গঠন করা সম্ভব হয়নি। বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গতকাল বৃহস্পতিবার স্বীকার করে প্রথম আলোকে বলেন, তাঁর মন্ত্রণালয়ের বিষয় হলেও কাজটি করতে তিনি ব্যর্থ হয়েছেন। আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘এই বোর্ড গঠিত হলে কারখানার কর্মপরিবেশ ভালো হবে, শ্রমিকের মজুরি নিশ্চিত হবে এবং বিদেশি ক্রেতারা কম মূল্যে বা নির্দিষ্ট মূল্যের কমে পোশাক কিনতে পারবে না। এর ফলে শ্রমিকদের ঠকাতে পারবেন না মালিকেরা।’ প্রথম নীতিগত অনুমোদনের ১০ বছর পর ১৯৯৯ সালের ১২ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় উপস্থাপন করা হয় স্বায়ত্তশাসিত অ্যাপারেল বোর্ড গঠনের প্রস্তাব। এতে বলা হয়, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বস্ত্র সেল তৈরি পোশাকের রপ্তানিসংক্রান্ত কার্যাবলি সম্পাদন করলেও সার্বিক বিষয় তারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না। তবে সংস্থাপন এবং অর্থ মন্ত্রণালয়ের আপত্তির মুখে অনুমোদন না করে কিছু পর্যবেক্ষণের জন্য প্রস্তাবটি ফেরত পাঠায় মন্ত্রিসভা। এরপর ২০০১ সালের সেপ্টেম্বরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার উদ্যোগ নিয়েও ‘নির্বাচিত সরকারই অ্যাপারেল বোর্ড গঠন করুক’ বলে পিছিয়ে যায়। ২০০২ সালের আগস্টে বাণিজ্য মন্ত্রণালয় এই বোর্ড গঠনের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করে। কিন্তু এর বিরোধিতা করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তার পরও ২০০৩ সালের মার্চে অনুষ্ঠিত এক বৈঠকে অ্যাপারেল বোর্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাপারেল রপ্তানি উন্নয়ন বোর্ড’। একই বছরের ২৪ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত রপ্তানি উন্নয়নসংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ বোর্ডের জন্য ২৬৫ জনের জনবলকাঠামো অনুমোদন করা হয়। এরপর বিষয়টি নিয়ে আর এগোয়নি বিএনপির সরকার। তবে আবারও উদ্যোগী হয় গত তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশ বাণিজ্য সহায়তা কর্মসূচি (বিটিএসপি) প্রকল্পের আওতায় একটি সমীক্ষা হয়। এতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় অ্যাপারেল বোর্ড গঠনের সুপারিশ আসে।বাণিজ্য মন্ত্রণালয় এ সুপারিশ বাস্তবায়নের জন্য ২০১০ সালের জানুয়ারিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে অনুরোধ জানালে ‘বস্ত্র ও পোশাক শিল্প বোর্ড আইন’-এর একটি খসড়া প্রণয়ন করে এ মন্ত্রণালয়।২০১১ সালের সেপ্টেম্বরে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটিতে কিছু সংশোধন ও অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় এই আইনের খসড়া। বলা হয়, এর কারণে যেন বাণিজ্য মন্ত্রণালয়ের বস্ত্র সেলের কাজ কোনোভাবেই অকার্যকর হয়ে না পড়ে। খসড়াটি পরের মাস অক্টোবরে উপস্থাপিত হয় মন্ত্রিসভায়, কিন্তু অনুমোদন পায়নি। খসড়া চূড়ান্ত করতে ২০১২ সালের জানুয়ারিতে বস্ত্র ও পাটমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিজ মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য, শ্রম মন্ত্রণালয় এবং বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর সদস্যদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়। আর খসড়াটি পরে ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কিন্তু এই খসড়ার ওপর কোনো মতামত পড়েনি। এরপর মার্চ, এপ্রিল ও জুলাইয়ে তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে। আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘সবাইকে নিয়ে সাড়ে তিন বছরে ২০টি বৈঠক করেছি। কোনো লাভ হয়নি। বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ—সবাই যার যার স্বার্থ দেখছে। এখন চিন্তা করছি, নিজের খেয়ে বনের মোষ তাড়াতে আর যাব কেন?’ বস্ত্রমন্ত্রীর দাবি, কার্যপ্রণালি বিধি (রুলস অব বিজনেস) অনুযায়ী তৈরি পোশাক খাতের সবকিছু বস্ত্র মন্ত্রণালয়ের আওতাধীন থাকার কথা, বাস্তবে নেই। যোগাযোগ করলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, অ্যাপারেল বোর্ড গঠনের প্রস্তাবের বিষয়ে সম্প্রতি তিনি জেনেছেন। বিষয়টি তৈরি পোশাকশিল্পের জন্য ইতিবাচক হলে অবশ্যই তা গঠিত হওয়া উচিত বলে তিনি মনে করেন। গত বছরের নভেম্বর মাসে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির পর এই বোর্ডের প্রসঙ্গটি আলোচনায় এলেও অল্প পরেই তা মিলিয়ে যায়। কিন্তু গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে চার শতাধিক শ্রমিকের প্রাণহানির পর বাংলাদেশসহ বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই অবস্থায় পোশাক খাতের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের দাবি উঠেছে।