দুই লাখ টন চাল আমদানি করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়েতনাম থেকে দুই লাখ টন চাল আমদানির দর-প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে এক লাখ টন সেদ্ধ ও এক লাখ টন আতপ চাল রয়েছে।গতকাল বুধবার মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও ক্রয় কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি জানান, চাল আমদানিসহ বৈঠকে মোট পাঁচটি দর-প্রস্তাব অনুমোদন করা হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম জানান, সেদ্ধ চাল আমদানি করতে টনপ্রতি ৫৭৫ ডলার আর আতপ চাল টনপ্রতি ৫৩০ ডলার হিসাবে মোট ৮০৬ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় হবে।এ ছাড়া কাতার থেকে ২৫ হাজার টন গ্রানুলার ইউরিয়া সার আমদানি করবে কর্ণফুলী সার কারখানা (কাফকো)। এ-বিষয়ক একটি দর-প্রস্তাবও অনুমোদিত হয়। এতে ব্যয় হবে ৭০ কোটি ৩৪ লাখ টাকা।নুরুল করিম জানান, বৈঠকে রাজধানীর ‘মিরপুরে আনন্দনগর আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের দর-প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ভবন থাকবে ১৬টি। প্রত্যেক ভবনে এক হাজার ২৩০ বর্গফুট আয়তনের ৫২টি ফ্ল্যাট থাকবে। এগুলো নির্মাণ করতে মোট ব্যয় হবে ২৪৭ কোটি ৪০ লাখ টাকা।চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগের দর-প্রস্তাবও অনুমোদিত হয়েছে বৈঠকে। চায়না কমিউনিকেশনস অ্যান্ড কনস্ট্রাকশনস কোম্পানি (সিসিসিসি) এবং হংকংভিত্তিক প্রতিষ্ঠান অরূপ জেভিকে উত্তীর্ণ ঘোষণা করে মূল্যায়ন কমিটি। এতে ব্যয় হবে ১২ কোটি ৪৩ লাখ টাকা।এ ছাড়া বিদ্যুতের পোল কেনার জন্য ৭৯ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে সর্বনিম্ন দরদাতা হিসেবে চরকা এসপিসি পোলস লিমিটেডের দর-প্রস্তাব অনুমোদিত হয়।ক্রয় কমিটিতে অনুমোদিত হওয়ার আগে চাল কেনার বিষয়টি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হয়েছে বলে জানান নুরুল করিম।