দুই লাখ টন সার আমদানি করবে সরকার
দুই লাখ টন সার আমদানির দরপত্র প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ৫৫৫ কোটি টাকা।গতকাল রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।প্রতি টন ৪১২ মার্কিন ডলার দরে এক লাখ টন গ্রানিউলার ইউরিয়া সার আমদানি করা হবে মংলাবন্দর দিয়ে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২৮৭ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।আর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা হবে এক লাখ টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার। এর মধ্যে ৩৮৩ দশমিক ৭০ ডলার করে ৫০ হাজার টন, প্রতি টন ৩৭৯ দশমিক ৭০ ডলার করে ২৫ হাজার টন এবং ৩৮৭ দশমিক ৪৭ ডলার করে ২৫ হাজার টন আমদানি করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২৬৭ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ২২৫ টাকা।এ ছাড়া বৈঠকে চট্টগ্রাম বন্দরের জিসিবি এলাকায় ছয়টি বার্থের কনটেইনার অপারেটর নিয়োগ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৭১ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা।অনুমোদন পাওয়া কোম্পানিগুলো হলো, মেসার্স এফকিউ খান অ্যান্ড ব্রাদার্স, মেসার্স ফজলি সন্স লিমিটেড, মেসার্স বশির আহমেদ, মেসার্স এ অ্যান্ড জে ট্রেডার্স, মেসার্স এভারেজ এন্টারপ্রাইজ ও মেসার্স এমএইচ চৌধুরী লিমিটেড।১২ কোটি ২৫ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে ঢাকা ওয়াসার পয়োনিস্কাশনব্যবস্থার জন্য পরামর্শক ফার্ম নিয়োগের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে এই বৈঠকে।তবে দর বেশি হওয়ায় এবং দরপত্র কমিটি ও মন্ত্রণালয়ের সুপারিশ না থাকায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২৫ হাজার টন চিনি আমদানির প্রস্তাবে অনুমোদন দেয়নি ক্রয় কমিটি। এ প্রস্তাবটিকে পরবর্তী সময়ে দর প্রস্তাব আহ্বান করতে বলা হয়েছে।