দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা বাজেট

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার বিকাল তিনটা ৩৫ মিনিটে জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেছেন।
অর্থমন্ত্রী আগামী ২০১৪-১৫ অর্থবছরের জন্য ব্যয় প্রস্তাব করেছেন দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার।
এর বিপরীতে আবদুল মুহিতের রাজস্ব আদায়ের পরিকল্পনা রয়েছে এক লাখ ৮২ হাজার ৯৫৪ কোটি টাকার। ফলে বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। অর্থাত্ মোট দেশজ উত্পাদনের তুলনায় ঘাটতি ধরা হয়েছে ৫ শতাংশ।
তবে অনুদান বাদ দিলে ঘাটতি গিয়ে পৌছাবে ৬১ হাজার ৩৪৬ কোটি টাকা। শতকরা হিসাবে যা ৪ দশমিক ৫ শতাংশ।
প্রস্তাবিত বাজেটে ছয় হাজার ২০৬ কোটি টাকার অনুদান পাওয়া যাবে বলে ধরে নেওয়া হয়েছে।
বিকাল ৩ টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনার সঙ্গে অর্থমন্ত্রী অধিবেশন কক্ষে প্রবেশ করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার সময় বিরোধী দল জাতীয় পার্টি উপস্থিত ছিল।
এর আগে সংসদ ভবনে বিশেষ মন্ত্রীসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।
অর্থমন্ত্রীর বিরাট ব্যয়ের বাজেটের মধ্যে উন্নয়নমূলক ব্যয় ধরা হয়েছে ৮৬ হাজার ৩৪৫ কোটি টাকা। আর অনুন্নয়মূলক ব্যয় ধরা হয়েছে এক লাখ ৫৪ হাজার ২৪১ কোটি টাকা।