দুই লাখের বেশি নারী প্রশিক্ষণ পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ দরিদ্র ও অনগ্রসর নারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ৪২৬টি উপজেলার ২ লাখ ১৭ হাজার ৪৪০ জন নারীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী তিন বছরে তাঁরা এই প্রশিক্ষণ পাবেন। এ জন্য উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য ২৫০ কোটি টাকার আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্প নিয়েছে সরকার।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা।
২০১৭ সালের জানুয়ারি মাসে শুরু হয়ে ২০১৯ সালের ডিসেম্বর মাসের মধ্যে বাস্তবায়ন করবে মহিলাবিষয়ক অধিদপ্তর।ৃ যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, সেগুলো হলো ফ্যাশন ডিজাইন, ট্যুরিস্ট গাইড, বিউটিফিকেশন, বিক্রয়কর্মী, মৌ ও মাশরুম চাষ, অভ্যর্থনাকক্ষ ব্যবস্থাপনা, মোবাইল সার্ভিসিং ও মেরামত, টেইলারিং, ব্লক-বাটিক প্রশিক্ষণের পাশাপাশি কেঁচো সার, ক্রিস্টাল শো-পিস, শতরঞ্জি, প্যাকেট, মোমবাতি, উলের পোশাক তৈরি। এসব বিষয়ে ২ লাখ ৪ হাজার ৪৮০ জন নারী প্রশিক্ষণ পাবেন। আর বিভাগীয় শহর থেকে ১ হাজার ৪৪০ জন নারীকে গাড়ি চালনায় প্রশিক্ষণ দেওয়া হবে। আর ৬৪টি জেলা শহরের ১১ হাজার ৫২০ জনকে টেলিভিশন, রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিন, কম্পিউটারসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের দৈনিক ভিত্তিতে সম্মানী দেওয়া হবে। এর জন্য ১২২ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এই প্রকল্পটিসহ গতকালের একনেক সভায় মোট ৩ হাজার ৬৮৪ কোটি ৫০ লাখ টাকার ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ৯৮০ কোটি টাকার বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্প; ৩৭৪ কোটি টাকার আলীকদম-জালানীপাড়া-করুকপাতা-পোয়ামুহুরী সড়ক নির্মাণ; ১৬৫ কোটি টাকার গোপালগঞ্জ ও বাগেরহাট পৌরসভায় পানি সরবরাহ এবং পরিবেশসম্মত পয়োনিষ্কাশন-ব্যবস্থার উন্নতীকরণ; ১০৭ কোটি টাকার কোর্ট থেকে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত সড়ক প্রশস্তকরণ; ৫৯৩ কোটি টাকার বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা) পল্লি অবকাঠামো উন্নয়ন-২; ৩৪০ কোটি টাকার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন; ১৮৪ কোটি টাকার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন; ৮৬ কোটি টাকার ঢাকা কারিগরি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন; ১৬৩ কোটি টাকার সাভার সেনানিবাসে মিলিটারি পুলিশ সেন্টার ও স্কুল নির্মাণ এবং ৪৪২ কোটি টাকার ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এলইডি সড়কবাতি, সিসিটিভি, ক্যামেরা ও সিসিটিভি কন্ট্রোল সেন্টার সরবরাহ ও স্থাপন প্রকল্প।