
প্রস্তুত, চলমান ও সম্ভাব্য—এই তিন ধরনের প্রকল্প নিয়ে নগরের রেডিসন ব্লু হোটেলে স্টল সাজিয়েছে চট্টগ্রামের ৫৩টি আবাসনপ্রতিষ্ঠান। দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব আয়োজিত চার দিনের এই মেলা গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় উদ্বোধন করা হয়। শুরুতে ক্রেতা-দর্শনার্থী একটু কম থাকলেও সন্ধ্যার পর থেকে ভিড় বাড়তে থাকে।
উদ্বোধনের পর মেলা প্রাঙ্গণের এপিক প্রপার্টিজের স্টলে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি তাদের প্রতিটি প্রকল্পের বিবরণ-সংবলিত ছোট পুস্তিকা সাজিয়ে রেখেছে। ক্রেতা-দর্শনার্থীরা এসব বিবরণ দেখে প্রতিষ্ঠানের কর্মীদের কাছে দাম ও আয়তন সম্পর্কে নানা তথ্য জানতে চাইছেন। প্রতিষ্ঠানটি এবার চট্টগ্রামে আটটি চলমান প্রকল্প বিক্রির জন্য প্রদর্শন করছে। ফ্ল্যাটের সংখ্যা ৩০২টি।
এপিকের উপব্যবস্থাপক মো. আরিফুল হাসান মজুমদার বলেন, ‘উচ্চবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত গ্রাহকদের কথা বিবেচনা করে দক্ষিণ খুলশী ইস্পাহানি হিলে ক্রাউন রিজ এবং চট্টেশ্বরী রোডে এন প্রাঙ্গণ প্রকল্প গড়ে তোলা হচ্ছে। তবে মধ্যে আয়ের লোকজনের জন্য কালামিয়া বাজার ও চান্দগাঁও এলাকায় দুটি প্রকল্প আছে এপিকের।’
ফিনলে প্রপার্টিজ এবার মেলায় পাঁচলাইশে সম্পূর্ণ তৈরি প্রকল্প ‘ফিনলে সাফা’ প্রদর্শন করছে। গ্রাহকেরা ফিনলে সাফার প্রস্তুত ফ্ল্যাট কিনে এখনই উঠতে পারবেন বলে প্রতিষ্ঠানের কর্মীরা জানালেন। এ ছাড়া পূর্ব নাছিরাবাদে ২ নম্বর গেটের পাশে ‘ফিনলে স্কয়ার’ নামে আবাসিক ও বাণিজ্যিক কমপ্লেক্সের প্রচারণা করছে ফিনলে। ইতিমধ্যে ফিনলে স্কয়ারে নামী-দামি প্রতিষ্ঠান জায়গা কিনেছে। ফিনলের প্রকল্পগুলোতে প্রতি বর্গফুটের দাম ৭ থেকে ৯ হাজার টাকা। এ দুটিসহ আটটি চলমান প্রকল্প প্রদর্শন করছে তারা। তাদের সব প্রকল্পে ফ্ল্যাটের আয়তন দেড় হাজার বর্গফুটের বেশি।
ফিনলের মহাব্যবস্থাপক আবদুল্লাহ নাসের বলেন, ‘ফিনলের প্রতিটি প্রকল্পে নতুনত্ব আছে। প্রতিটি ফ্ল্যাটে তলার উচ্চতা সাড়ে ১০ ফুট রাখা হয়েছে। আবার গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করে না ফিনলে।’
রিহ্যাব জানায়, এবারের মেলায় ৫৩টি আবাসনপ্রতিষ্ঠান চট্টগ্রামে চলমান থাকা ২০৮টি প্রকল্প প্রদর্শন করছে। এ ছাড়া গত এক বছরে শেষ হওয়া ১০৮টি প্রকল্পও প্রদর্শন করা হচ্ছে। শেষ হওয়া প্রকল্পের সিংহভাগ ফ্ল্যাটই বিক্রি হয়েছে।
মেলায় জুমাইরা হোল্ডিংস লিমিটেড সাতটি চলমান প্রকল্প ও দুটি সম্ভাব্য প্রকল্প নিয়ে এসেছে। জুমাইরা হোল্ডিংস নগরের বিভিন্ন এলাকায় প্রতি বর্গফুট ৬ থেকে ১০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক কাজী আলী আকবর বলেন, ‘প্রতিটি প্রকল্পে গুণগত মান ধরে রাখায় গ্রাহকদের আস্থা অর্জন করেছে জুমাইরা। ’
একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা জসীম উদ্দিনকে কয়েকটি স্টলে ফ্ল্যাটের দরদাম জেনে নিতে দেখা যায়। মেলা ঘুরে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘এক বছর আগের চেয়ে ফ্ল্যাটের দাম কিছুটা কমেছে। তবে এখনো বেশি। গুরুত্বপূর্ণ জায়গায় প্রতি বর্গফুট ৬ থেকে ৮ হাজার টাকার নিচে ফ্ল্যাট মিলছে না।’
মেলায় ছোট থেকে বড় আয়তনের ফ্ল্যাট নিয়ে এসেছে মৌলানা ডেভেলপমেন্ট কোম্পানি (এমডিসি)। প্রতিষ্ঠানটির আছে ৯৭৮ বর্গফুট থেকে শুরু করে ১ হাজার ৬৬৮ বর্গফুটের ফ্ল্যাট।
এমডিসির সহকারী ব্যবস্থাপক সাইফুল আজম বলেন, ‘আমাদের নতুন ১০টি প্রকল্পে চার শতাধিক ফ্ল্যাট রয়েছে।’
রিহ্যাবের মেলা আজ, কাল ও পরশু প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
এর আগে দুপুরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামীন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য, রিহ্যাবের সহসভাপতি রবিউল হক ও মো. ওয়াহিদুজ্জামান, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান এস এম আবু সুফিয়ান।