দুই শেয়ারবাজারে আবার দরপতন
গত মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকগুলো আবার পতনের ধারায় ফিরেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের তুলনায় ৩৮ পয়েন্ট কমে ছয় হাজার ২৮৭ পয়েন্টে নেমে আসে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬২ পয়েন্ট কমে নেমে যায় ১৮ হাজার ৭৩৭ পয়েন্টে। তবে উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অস্থিতিশীল নীতি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থার জন্ম দিয়েছে। এ ছাড়া এসব নীতিকে ঘিরে বাজারে চলছে নানা ধরনের গুজব। সব মিলিয়ে সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আর এসবেরই প্রভাব পড়েছে সাধারণ সূচকে। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এ সুযোগে কম দামে শেয়ার কিনছেন। ডিএসইতে গতকাল মোট এক হাজার ৬০৫ কোটি টাকার লেনদেন হয়েছে। সিএসইতে হয়েছে ১৩৪ কোটি টাকার। সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮১টির। কমেছে ১০০টির। আর ডিএসইতে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১২৫টির কোম্পানির শেয়ারের দাম।