দুই শেয়ারবাজারে বড় ধরনের দরপতন
দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার বড় ধরনের দরপতন ঘটেছে।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এ দিন ১১১ পয়েন্ট বা ২ দশমিক ৪৭ শতাংশ কমে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচকও কমেছে প্রায় ৩৩৪ পয়েন্ট বা ২ দশমিক ৪৭ শতাংশ। তবে দুই বাজারে প্রায় একই হারে সূচক কমলেও লেনদেনের ক্ষেত্রে ছিল কিছুটা ভিন্নতা। ঢাকার বাজারে লেনদেন আগের দিনের চেয়ে কমলেও চট্টগ্রামে বেড়েছে। এদিকে হঠাৎ করে বাজারে বড় ধরনের এই দরপতনের সঠিক কোনো কারণ বলতে পারছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, ‘অকারণে যদি বাজারে শেয়ারের মূল্য বৃদ্ধি পায়, তাহলে অকারণেই তা কমবে, এটাই স্বাভাবিক। ঠিক তেমনি কোনো সুনির্দিষ্ট কারণে যদি বাজারে মূল্য বৃদ্ধি পায়, তাহলে দাম কমার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কারণ থাকে। কিছুদিন ধরে আমাদের বাজারে শেয়ারের হঠাৎ মূল্য বৃদ্ধির সুনির্দিষ্ট কোনো কারণ ছিল না। তাই হঠাৎ দরপতনেরও কোনো সুনির্দিষ্ট কারণ নেই।’ অর্থনীতির এই শিক্ষক আরও বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। তার ওপর ব্যাংকিং খাতে হলমার্ক কেলেঙ্কারির মতো আলোচিত ঘটনা ঘটে গেছে। অর্থনীতিতেও উল্লেখ করার মতো কোনো সুখবর নেই। বাজার যদি সঠিক আচরণ করত, তাহলে এসব ঘটনায় বাজারে নেতিবাচক প্রভাবই পড়ার কথা। কিন্তু তা না হয়ে উল্টো বাজার বেড়েছে। তার মানে বাজারে যাঁরা সক্রিয় রয়েছেন, তাঁদের কেউ কেউ হয়তো চেয়েছেন বাজারটা একটু বাড়ুক, যাতে তাঁরা কিছু মুনাফা তুলে নিতে পারেন। এখন তাঁরাই আবার হয়তো চাইছেন শেয়ারের দাম একটু কমুক, এ কারণেই দরপতন।’ঢাকার বাজারে বুধবার চার ঘণ্টার লেনদেনের মধ্যে ১৫ মিনিটের মতো মূল্যসূচক ধনাত্মক ছিল। বাকি সময় সূচক ঋণাত্মক ছিল। শুরুতে সূচকের পতনের ধারা কিছুটা মন্থর থাকলেও লেনদেনের শেষ ঘণ্টায় গিয়ে তা দ্রুত কমতে থাকে। এতে দিন শেষে সাধারণ মূল্যসূচকের বড় ধরনের পতন ঘটে। এই দিন ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৩৭২ পয়েন্টে। ঢাকার বাজারে এ দিন ২৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২১৩টির দাম কমেছে, বেড়েছে ৪৪টির আর অপরিবর্তিত ছিল ১০টির দাম। এ দিন ডিএসইতে প্রায় ৬১২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৬ কোটি টাকা কম। এ দিন লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ সাবমেরিন কেবলস। গতকাল কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা নির্ধারিত ছিল। ওই সভা শেষে বিকেলে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করে। এই খবরে এ দিন কোম্পানিটি লেনদেনের শীর্ষে ছিল বলে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। চট্টগ্রামের বাজারে এ দিন ১৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭১টির দাম কমেছে, বেড়েছে মাত্র ১৯টির আর অপরিবর্তিত ছিল ছয়টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা বেশি। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ২০৬ পয়েন্টে।