দুই শেয়ারবাজারে মূল্যসূচক কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন দিয়ে শুরু হয়েছে নতুন সপ্তাহ। গতকাল রোববার ঊর্ধ্বগতি দিয়েই সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শুরু হয়। কিন্তু দিনের শেষ ৩০ মিনিটের লেনদেনে এই চিত্র বদলে যায়।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল দিন শেষে সাধারণ মূল্যসূচক প্রায় ৮ পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ২৫ পয়েন্ট।ডিএসইর সাধারণ মূল্যসূচক কমলেও লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম এবং লেনদেনের পরিমাণ উভয়ই বেড়েছে। ঢাকার বাজারে গতকাল ২৬২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৪০টিরই দাম বেড়েছে, কমেছে ১০৮টির আর অপরিবর্তিত ছিল ১৪টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে ৪২৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৬৬ কোটি টাকা বেশি, যদিও দিনের প্রথম এক ঘণ্টায় লেনদেনের গতিটা ভালো ছিল। সেই ধারায় চলতে থাকলে দিন শেষে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে অনেকে ধারণা করেছিলেন। কিন্তু দুপুরের পর লেনদেনের গতি কমে যাওয়ায় শেষ পর্যন্ত সেটি আর হয়নি। এ ছাড়া লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ৯০২ পয়েন্টে। সিএসইর সার্বিক মূল্যসূচক দিন শেষে নেমে এসেছে প্রায় ১৬ হাজার ৬৪৪ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে লেনদেন হওয়া ১৯০টি কোম্পানির মধ্যে ৯০টিরই দাম কমেছে, বেড়েছে ৮৮টির আর অপরিবর্তিত ছিল ১২টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে ৫৫ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৩৫ কোটি টাকা কম।