ছোট ছোট ১৬৩টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত
দুই সার কারখানা চালু রাখতে দেড় হাজার শিল্পে গ্যাস-সংকট
দুটি সার কারখানা চালু রাখতে চট্টগ্রামের দেড় হাজারের বেশি শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ সপ্তাহে দুই দিন পুরোপুরি এবং বাকি পাঁচ দিন ১২ ঘণ্টা করে বন্ধ রাখা হয়েছে। ফলে রড-সিমেন্ট তৈরির মতো বড় কারখানার পাশাপাশি ছোট ছোট ১৬৩টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।আবার গৃহস্থালিতে প্রায় সাড়ে তিন লাখ গ্রাহকের সরবরাহ কমিয়ে দেওয়ায় অনেক এলাকায় রান্নার চুলা জ্বলছে না।অথচ দুটি সার কারখানার একটি সরকারি হলেও অন্যটি থেকে সরকারকে সার কিনতে হচ্ছে আন্তর্জাতিক দরে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) কর্মকর্তারা জানান, সরবরাহ ঘাটতির কারণ দেখিয়ে গত সেপ্টেম্বরে চট্টগ্রামের শিল্পকারখানায় সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আর সপ্তাহের শুক্র ও শনিবার এই দুই দিন বেসরকারি কোনো কারখানায় গ্যাস সরবরাহ করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়।সারা দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেও শুধু চট্টগ্রামের জন্য এ ব্যবস্থা নেওয়ায় স্থানীয় শিল্পোদ্যোক্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলের (বিএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসেইন প্রথম আলোকে জানান, ‘টানা কারখানা বন্ধ রাখতে বাধ্য করাটা আমাদের সঙ্গে একরকম বৈষম্য। এভাবে চলতে থাকলে চট্টগ্রামের উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। কারখানা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।’আলী হোসেইন আরও বলেন, ‘আধুনিক কারখানা ২৪ ঘণ্টা উৎপাদনের উপযোগী করে তৈরি। এর মধ্যে টানা ২০ ঘণ্টা উৎপাদনে না থাকলে সেটি প্রতিযোগিতায় টিকতে পারে না। কারণ, এসব কারখানার বিনিয়োগ ও ব্যাংক ঋণের পরিমাণ বেশি। অথচ চট্টগ্রামের ৮০ শতাংশ ভারী শিল্পকারখানাই দিনে ১০ ঘণ্টার বেশি উৎপাদনে যেতে পারছে না। কেবল গ্যাসের অভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।কেজিডিসিএল সূত্রে জানা যায়, জাতীয় গ্রিড থেকে চট্টগ্রামে গড়ে ১৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায়। আর চট্টগ্রামে গ্যাসের চাহিদা সাড়ে ৪০০ মিলিয়ন ঘনফুট। বাখরাবাদ থেকে চট্টগ্রাম পর্যন্ত স্থাপিত ২৪ ইঞ্চি ব্যাসের একমাত্র পাইপলাইন দিয়ে এর চেয়ে বেশি গ্যাস আনা সম্ভব নয়। এ গ্যাসের অর্ধেকেরও বেশি চলে যায় দুটি সার কারখানায়। এগুলো হচ্ছে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো)। কারখানা দুটির ন্যূনতম চাহিদা ১০০ মিলিয়ন ঘনফুট।দুই সার কারখানায় দেওয়ার পর অবশিষ্ট গ্যাস থেকে ৪০ মিলিয়ন ঘনফুট দিতে হয় ১৬৩টি ক্যাপটিভ পাওয়ারে (গ্যাস ব্যবহার করে নিজস্ব প্রতিষ্ঠানে বিদ্যুৎ উৎপাদন)। শেষ ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয় ৯১৯টি শিল্পকারখানা, একটি চা-বাগান, দুই হাজার ৫৩০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ৬২টি সিএনজি ফিলিং স্টেশন এবং তিন লাখ ৬৬ হাজার গৃহস্থালির গ্রাহককে।চট্টগ্রামের ব্যবসায়ীদের দাবি, কাফকোর মতো একটি কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখলে শত শত ভারী শিল্পকারখানা চালু রাখা সম্ভব। এতে দেশ ও সরকারের লাভ বেশি। তা ছাড়া সরকার তো বিদেশ থেকে আন্তর্জাতিক দরে ইউরিয়া সার আমদানি করছে। কাফকো থেকেও আন্তর্জাতিক দরেই কিনতে হয়।চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের শিল্প কারখানা, জনস্বাস্থ্য ও বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংসের জন্য সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে কাফকো। বর্তমান সরকার সাহসী হয়ে এটা বন্ধ করে দেশ ও জনগণকে বাঁচাতে পারে। গ্যাস না পেয়ে বিদেশি মুদ্রায় আমরা উচ্চমূল্যে ডিজেল কিনছি। আর একটি মাত্র লাইনে যে গ্যাস আসে তার অর্ধেকই সার কারখানা নিয়ে যায়। সরকার চাইলে তাদের জন্য আলাদা গ্যাসলাইন স্থাপন করতে পারে।’শিল্পোদ্যোক্তাদের অভিযোগ, গ্যাসের চাপ কম থাকায় বেঁধে দেওয়া সময়েও কারখানাগুলো পুরোদমে উৎপাদনে যেতে পারে না। আবার কর্তৃপক্ষ দৈনিক ১০ ঘণ্টার নিয়ম করায় কারখানাগুলো সক্ষমতার মাত্র ৩৬ শতাংশ উৎপাদন করতে পারছে। দেখা যায়, সাত দিনে মোট ১৬৮ ঘণ্টা উৎপাদনে থাকার কথা থাকলেও ৫০ ঘণ্টায় সীমাবদ্ধ থাকছে। অথচ ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের কারখানাগুলো চলছে পুরো ১৬৮ ঘণ্টা। ফলে চট্টগ্রামের বাইরের সমজাতীয় অন্য কারখানায় উৎপাদন বেশি হচ্ছে ৭০ শতাংশ।যোগাযোগ করা হলে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে জানান, চট্টগ্রামের গ্যাস পরিস্থিতির উন্নতি হতে আরও কিছু দিন সময় লাগবে। এ জন্য নতুন একটি পাইপলাইন নির্মাণ করতে হবে। চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে জানান, চট্টগ্রামের ২০ থেকে ২৫ বছরের পুরোনো কারখানাগুলোর একটি কাঠামো তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের স্বাভাবিক সরবরাহ না থাকায় ওই কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। দক্ষ শ্রমিকেরা ঢাকাসহ অন্য জায়গায় চলে যাচ্ছে। কারখানাগুলো লোকসানের মুখে পড়ছে। চট্টগ্রামের গ্যাসের রেশনিং বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, এখন নির্মাণ মৌসুম চলছে। এ সময়ে কারখানাগুলো নিরবচ্ছিন্ন উৎপাদনে যেতে না পারলে পণ্য মজুদের আশঙ্কা রয়েছে। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে।