দুই স্টক এক্সচেঞ্জে দরপতন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই স্টক এক্সচেঞ্জে আজ রোববার দরপতন অব্যাহত রয়েছে। ফলে উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের পতন হয়েছে। এর পাশাপাশি বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। তবে আর্থিক লেনদেন কিছুটা বেড়েছে। গত বৃহস্পতিবারও উভয় স্টক এক্সচেঞ্জে দরপতন হয়।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দরপতনের মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর একটা ৪০ মিনিটের দিকে সাধারণ মূল্যসূচক ৩১২ পয়েন্ট নেমে যায়। এরপর সূচক কিছুটা ঘুরে দাঁড়ালেও দিন শেষে সাধারণ মূল্যসূচক ১৪১ পয়েন্ট কমে ৭৪৩৪.৫৯ পয়েন্টে দাঁড়ায়।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩২টির এবং কমেছে ২১৫টির। ডিএসইতে আজ এক হাজার ১৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১০৩ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ৬৩ কোটি টাকার লেনদেন হয়।এদিকে খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, ডিএসইতে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংকিং খাতের ৩০টির মধ্যে আজ ২৫টির দাম কমেছে। অন্যান্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতের পাঁচটির মধ্যে চারটির, সিরামিক খাতের পাঁচটির মধ্যে সবকটির, প্রকৌশল খাতের ২১টির মধ্যে ১৮টির, লিজিং ও আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ২০টির, খাদ্য খাতের ১৩টির মধ্যে সবকটির, জ্বালানি খাতের ১১টির মধ্যে ১০টির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৪৩টির, আইটি খাতের পাঁচটির মধ্যে সবকটির, বিবিধ খাতের নয়টির মধ্যে আটটির, মিউচুয়াল ফান্ড খাতের ৩২টির মধ্যে ২৫টির, ওষুধ খাতের ১৯টির মধ্যে ১০টির ও বস্ত্রখাতের ২২টির মধ্যে ২০টির দাম কমে। এ ছাড়া টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের শেয়ারের দামও কমেছে আজ।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো, এনবিএল, ইউসিবিএল, বেক্সিমকো, গ্রামীণফোন, এবি ব্যাংক, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ারওয়েজ, স্কয়ার ফার্মা, সাউথইস্ট ব্যাংক ও বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট।আজ সবচেয়ে বেশি বেড়েছে স্কয়ার ফার্মার শেয়ারের দাম। এ ছাড়া বাটা সু, হাইডেলবার্গ সিমেন্ট, লিব্রা ইনফিউশন, অ্যাপেক্স ট্যানারি, অ্যাপেক্স এডালচি, এসিআই ফর্মুলেশন, ট্রাস্ট ব্যাংক, দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড ও পাওয়ারগ্রিড কোম্পানি অব বাংলাদেশ দাম বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে সিটি ইন্স্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া ফিনিক্স ইন্স্যুরেন্স, সাভার রিফ্রাক্টরিজ, পিপলস ইনস্যুরেন্স, ইস্টার্ন লুব্রিক্যান্টস, এআইবিএল প্রথম ইসলামী মিউচুয়াল ফান্ড, বঙ্গজ, ইউনাইটেড এয়ারওয়েজ, নিটল ইন্স্যুরেন্স ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। আজ ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ২২ হাজার ৭৮৪ কোটি টাকা।অপরদিকে সিএসই সূত্রে জানা যায়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সাধারণ সূচক ৫৩৩.৪৫ পয়েন্ট কমে ২০৯৭৫.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে মোট দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া আর্থিক লেনদেন হয়েছে ১২০ কোটি টাকার, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২৭ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার সিএসইতে ৯৩ কোটি টাকার লেনদেন হয়।