দুই স্টক এক্সচেঞ্জে বছরের সর্বোচ্চ লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে লেনদেনের ঊর্ধ্বগতির ধারা অব্যাহত রয়েছে। দুই বাজার মিলিয়ে গতকাল বুধবার লেনদেন প্রায় এক হাজার ৪০০ কোটি টাকার কাছাকাছি গিয়েছে। এর মধ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এককভাবে এক হাজার ২৮৫ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে প্রায় ১৪০ কোটি টাকা। দেশের দুই স্টক এক্সচেঞ্জের সমন্বিত এই লেনদেনের পরিমাণ ছিল চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। লেনদেনের পাশাপাশি দুই বাজারে মূল্যসূচকও ছিল ঊর্ধ্বমুখী। ডিএসইর সাধারণ সূচক দিনশেষে এক শতাংশ বা ৪৭ পয়েন্ট বেড়েছে। এর ফলে সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৬৭৯ পয়েন্টে। গত প্রায় তিন মাসের ব্যবধানে এটি ডিএসইর সাধারণ সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ চলতি বছরের ১৩ জুন ডিএসইর সাধারণ সূচক ছিল প্রায় চার হাজার ৬৮১ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে এদিন সার্বিক সূচক প্রায় ১৩৭ পয়েন্ট বা এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৩০৬ পয়েন্টে। গত প্রায় সাড়ে তিন মাসের মধ্যে এটি সিএসইর সার্বিক সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ চলতি বছরের ৩ জুন সিএসইর সার্বিক সূচক প্রায় ১৪ হাজার ৪২০ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল।ডিএসইতে এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় এক হাজার ২৮৮ কোটি টাকা। চলতি বছরসহ গত প্রায় ১৪ মাসের মধ্যে এটি সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ ২০১১ সালের ৩১ জুলাই ডিএসইতে সর্বোচ্চ এক হাজার ৩৪১ কোটি টাকার লেনদেন হয়েছিল।ঢাকার বাজারে ২৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৮৭টিরই দাম বেড়েছে, কমেছে ৮১টির আর অপরিবর্তিত ছিল সাতটির দাম। এদিন ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল মিউচুয়াল ফান্ড। সিএসইতে এদিন ২০৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৭টির দাম বেড়েছে, কমেছে ৬৬টির আর অপরিবর্তিত ছিল তিনটির দাম। দিনশেষে লেনদেনের পরিমাণ ছিল ১৩৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ২৮ কোটি টাকা বেশি। শুধু তাই নয়, চলতি বছরের মধ্যে এখন পর্যন্ত এটিই সিএসইতে সর্বোচ্চ লেনদেন।