দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই স্টক এক্সচেঞ্জে আজ বৃহস্পতিবার লেনদেন কমেছে। এর পাশাপাশি সাধারণ সূচক, বেশির ভাগ শেয়ারের দাম এবং আর্ির্থক লেনদেনও কমেছে দুই বাজারেই।বাজার বিশ্লেষকেরা আজকের অবস্থাকে স্বাভাবিক মূল্য সংশোধন বলছেন। লেনদেনের শুরু থেকেই শেয়ার বিক্রিতে বেশি চাপ থাকায় এ অবস্থা হয়েছে বলে তাঁরা মনে করেন।ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সাধারণ সূচক ৮৮ পয়েন্ট নেমে যায়। তবে ২০ মিনিটের দিকে সূচক আবার ৩১ পয়েন্ট বেড়ে যায়। এরপর কিছু সময় সূচক বাড়লেও পরে তা আবার কমতে থাকে। বিকেল তিনটায় লেনদেন শেষে সাধারণ মূল্যসূচক ১১৪.৮০ পয়েন্ট কমে ৭৫৭৫.৮৮ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে আজ মোট ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে মোট চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ডিএসইতে এক হাজার ৬৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫৮৬ কোটি টাকা কম। গতকাল ডিএসইতে এক হাজার ৬৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে।খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে আজ ২৭টির দাম কমেছে। অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতের পাঁচটির মধ্যে সবকটির, সিরামিক খাতের পাঁচটির মধ্যে তিনটির, প্রকৌশল খাতের ২১টির মধ্যে ১৯টির, লিজিং ও আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ১৮টির, খাদ্য খাতের ১৩টির মধ্যে সাতটির, জ্বালানি খাতের ১১টির মধ্যে নয়টির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৩৫টির, আইটি খাতের পাঁচটির মধ্যে চারটির, বিবিধ খাতের নয়টির মধ্যে ছয়টির, মিউচুয়াল ফান্ড খাতের ৩২টির মধ্যে ১৮টির, ওষুধ খাতের ১৯টির মধ্যে ১৭টির ও চামড়া খাতের চারটির মধ্যে সবকটির দাম কমে। এ ছাড়া টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের শেয়ারের দামও কমে আজ।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো ইউসিবিএল, বেক্সিমকো, এনবিএল, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, সাউথইস্ট ব্যাংক, তিতাস গ্যাস, এবি ব্যাংক, প্রাইম ব্যাংক ও গ্রামীণফোন।আজ সবচেয়ে বেশি বেড়েছে সিনোবাংলার শেয়ারের দাম। এ ছাড়া স্টান্ডার্ড সিরামিক, বিওসি, ইউসিবিএল, মুন্নু সিরামিক, প্রাইম ইনস্যুরেন্স, সমরিতা হাসপাতাল, বৃটিশ আমেরিকান টোবাকো, মাইডাস ফাইন্যান্স ও সোস্যাল ইসলামী ব্যাংক দাম বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে ইসলামিয়া ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের শেয়ারের দাম। এ ছাড়া দুলামিয়া কটন, মারিকো বাংলাদেশ, এআইবিএল প্রথম ইসলামী মিউচুয়াল ফান্ড, স্টাইল ক্র্যাফট, রহিম টেক্সটাইল, এইচআর টেক্সটাইল, সোনালী আঁঁশ, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স ও বিকন ফার্মা দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। আজ ডিএসইর বাজার মূলধন তিন লাখ ২৭ হাজার ৬৩২ কোটি টাকা।অপরদিকে সিএসই সূত্রে জানা যায়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ সূচক ২৮৯.৩৩ পয়েন্ট কমে ২১৫০৯.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে মোট চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া মোট আর্থিক লেনদেন হয়েছে ৯৩ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৫৭ কোটি টাকা কম। গতকাল সেখানে ১৫০ কোটি টাকার লেনদেন হয়।