দেশের পুঁজিবাজারের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নেতারা।চট্টগ্রামের ভাটিয়ারী গলফ ক্লাবে গতকাল শনিবার সকালে এক যৌথ সংবাদ সম্মেলনে দুই স্টক এক্সচেঞ্জের নেতারা এই প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তাঁরা কয়েকটি বিষয়ে যৌথ সিদ্ধান্ত ঘোষণা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দুই স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময় আধা ঘণ্টা এগিয়ে এনে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নির্ধারণ। বিনিয়োগকারীদের দাবি, জোহরের নামাজ ও দুপুরের খাওয়ার কথা বিবেচনায় নিয়ে লেনদেনের এই নতুন সময় নির্ধারণ করা হয়, যা সুবিধাজনক সময়ে কার্যকর হবে বলে জানানো হয়। প্রসঙ্গত, বর্তমানে বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত লেনদেন চলে।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিএসইর সভাপতি মো. রকিবুর রহমান ও সিএসইর সভাপতি আল মারুফ খান। এতে সিএসইর সহসভাপতি মীর্জা সালমান ইস্পাহানী, সহসভাপতি এম কে এম মহিউদ্দিন ও তারেক কামাল, ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশীদসহ উভয় এক্সচেঞ্জের পরিচালকেরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পরিচালকদের শেয়ার কেনার সময় ২২ মের পর আর না বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। প্লেসমেন্ট শেয়ার ও অমনিবাস অ্যাকাউন্টের বিষয়টি আইনের আওতায় আনার প্রস্তাব করা হয়। রিপিট আইপিও এবং প্রিফারেনশিয়াল শেয়ারকে নিরুৎসাহিত করার পক্ষেও মতামত দেওয়া হয়। এ ছাড়া সংবাদ সম্মেলনে পুঁজিবাজারবান্ধব বাজেট প্রণয়ন, সরকারি শেয়ার বিক্রি, সরকারের প্রণোদনা প্যাকেজ সঠিক সময়ে বাস্তবায়নের দাবি জানানো হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা পুঁজিবাজারকে সমৃদ্ধ করবে এবং দেশের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।সংবাদ সম্মেলনে উভয় স্টক এক্সচেঞ্জের নেতারা পুঁজিবাজার সম্পর্কে সংশ্লিষ্ট সব পক্ষকে কথাবার্তায় সংযত হওয়ার অনুরোধ জানান। তাঁরা বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন জনের অসংযত কথাবার্তা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে এবং শেয়ারবাজার অস্থিতিশীল করে তুলেছে।