দুই স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বেড়েছে
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচকের ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেনও বেড়েছে উভয় বাজারে।
ডিএসইতে সূচক বেড়েছে ২০ পয়েন্ট
দিনের লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৯৪ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৪টির দাম বেড়েছে, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩০৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৬ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ২৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক বেড়েছে ৮৯ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন বেড়ছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫১৯ পয়েন্টে।
সিএসইতে আজ ২০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৯টির দাম বেড়েছে। কমেছে ৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল বেক্সিমকো। এ প্রতিষ্ঠানের ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসসি, গ্রামীণফোন, দ্য পেনিনসুলা চিটাগং, এনভয় টেক্সটাইল, পদ্মা অয়েল প্রভৃতি।