দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও বেড়েছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই স্টক এক্সচেঞ্জে আজ মঙ্গলবার সাধারণ সূচক কমেছে। তবে আর্থিক লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আজ উভয় স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ শেয়ারের দাম কমেছে।বাজার বিশ্লেষকেরা বলেছেন, আজ চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শুরু হওয়ায় অনেক বিনিয়োগকারীর মধ্যে লাভ তুলে নেওয়ার প্রবণতা দেখা দেয়। এর ফলে বিক্রির চাপ বেশি হলে অনেক প্রতিষ্ঠানের দাম কমে যায়। আর তাই সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও তা নিম্নগতির মধ্য দিয়ে শেষ হয়।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইতে আজ লেনদেনের শুরুতে সাধারণ সূচক প্রায় ১৩০ পয়েন্ট বেড়ে যায়। এরপর কয়েকবার ওঠানামার পর দিন শেষে তা ২১৬.২৪ পয়েন্ট কমে ৬১৭৩.৩৮-এ দাঁড়ায়। আজ ডিএসইতে ২৫২টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৮টির এবং কমেছে ২২৪টির। আজ ডিএসইতে মোট ৯৬২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত রোববারের চেয়ে ৩৮৫ কোটি টাকা বেশি। রোববার ডিএসইসে ৫৭৭ কোটি টাকার লেনদেন হয়। তবে ওই দিন সাধারণ মূল্যসূচক ৪৬৩ পয়েন্ট বাড়ে।এদিকে খাত অনুয়ায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দাম কমেছে। এ ছাড়া প্রকৌশল খাতের ২৩টির মধ্যে ২২টির, জ্বালানি খাতের ১১টির মধ্যে নয়টির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৩৯টির, মিউচুয়াল ফান্ড খাতের ৩৩টির মধ্যে ২৭টির, ওষুধ খাতের ২০টির মধ্যে ১৮টির, বস্ত্র খাতের ২৫টির মধ্যে ২১টির ও টেলিকমিউনিকেশন খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের শেয়ারের দাম কমেছে । আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এনবিএল, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, বেক্সিমকো, বে লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, সাউথইস্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, গ্রামীণফোন, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ইউসিবিএল।আজ সবচেয়ে বেশি বেড়েছে প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারের দাম। এ ছাড়া ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এসিআই, ইউনিয়ন ক্যাপিটাল, উত্তরা ফিন্যান্স, আইডিএলসি, ইউসিবিএল, ইস্টার্ন লুব্রিকেন্টস, ইউনাইটেড লিজিং ও বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট দাম বাড়ায় শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম। এ ছাড়া সিটি জেনারেল ইনস্যুরেন্স, আরএকে সিরামিক, কেয়া ডিটারজেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, মালেক স্পিনিং, প্রাইম ব্যাংক, এনবিএল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও রহিমা ফুড দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ দিনের লেনদেন শেষে সাধারণ সূচক ৫৩৩.৬৯ পয়েন্ট কমে ১৭৩৬০.১১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া সিএসইতে আজ ১২৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত রোববারের চেয়ে ৫৫ কোটি টাকা বেশি। রোববার স্টক এক্সচেঞ্জেটিতে ৬৮ কোটি টাকার লেনদেন হয়।