দুই স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচক বেড়েছে
টানা দুই মাসের দরপতনের ধারার বিপরীতে সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এরই প্রভাবে বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক। তবে লেনদেনের পরিমাণ বেশ খানিকটা কমেছে।বাজার বিশ্লেষকেরা বলছেন, সরকারের নেওয়া নানা উদ্যোগ শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। সরকারের ঘোষণা অনুযায়ী কয়েকটি প্রতিষ্ঠান বাজারে বিনিয়োগ শুরু করেছে। যার প্রভাবে গতকাল লেনদেনের শুরু থেকেই বাজারে চাঙাভাব ছিল।বাজার বিশ্লেষকেরা আরও জানান, তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি ইতিমধ্যে লভ্যাংশ ঘোষণা শুরু করেছে। এতেও বিনিয়োগকারীদের মধ্যে বাজার সম্পর্কে আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। এ দুটি ঘটনায় বিনিয়োগকারীরা বাজার সম্পর্কে আবার আশাবাদী হয়ে উঠেছেন—এমন অভিমত ব্যক্ত করে বিশ্লেষকেরা বলেন, এসব কারণে বাজারে ক্রেতা থাকলেও তাঁরা লোকসান দিয়ে শেয়ার বেচতে চাননি। তাই তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানি বিক্রেতাশূন্য হয়ে পড়ে। বাজার সম্পর্কে ডিএসইর সভাপতি শাকিল রিজভী সাংবাদিকদের বলেন, পুঁজিবাজার নিয়ে সরকারের বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। তিনি আশা করেন, এভাবে চলতে থাকলে একপর্যায়ে বিনিয়োগকারীদের মধ্যে পুরোপুরি আস্থা ফিরে আসবে এবং বাজার স্থিতিশীল হবে। ডিএসইর সভাপতি বলেন, দেখেশুনে ভালো প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে অবশ্যই লাভবান হওয়া যাবে। মার্চেন্ট ব্যাংকগুলোর ফোর্সড সেল বন্ধ করার সিদ্ধান্তও বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি মনে করেন।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত শুক্রবার মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে ফোর্সড সেলকে অনৈতিক কাজ হিসেবে আখ্যা দেন। একই সঙ্গে তিনি ঋণ সমন্বয়ের জন্য গ্রাহককে না জানিয়ে বা চাপ দিয়ে শেয়ার বিক্রি (ফোর্সড সেল) বন্ধ করতে আইন পরিবর্তনের কথাও বলেন।বাজারে ওঠানামা থাকবেই—এ কথা উল্লেখ করে শাকিল রিজভী আতঙ্কিত হয়ে কোনো শেয়ার বিক্রি করা এবং অতিমূল্যায়িত শেয়ারে বিনিয়োগ না করারও পরামর্শ দেন। এ সময় তিনি জানান, যত তাড়াতাড়ি সম্ভব ডিএসইকে ডিমিউচুয়ালাইজেশন করা হবে।বাজার পরিস্থিতি: চাঙাভাবের মধ্য দিয়েই গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। লেনদেনের শুরুতে সূচক ৪০০ পয়েন্টের বেশি বেড়ে যায়। দিন শেষে সাধারণ সূচক ৪৬৩ দশমিক ২৭ পয়েন্ট বা সাত দশমিক ৮১ শতাংশ বেড়ে ছয় হাজার ৩৮৯ দশমিক ৬২ পয়েন্টে গিয়ে ঠেকে। এদিন স্টক এক্সচেঞ্জটিতে মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫১টির এবং কমেছে মাত্র আটটি প্রতিষ্ঠানের। আর লেনদেন হয়েছে ৫৭৭ কোটি টাকার। অপরদিকে সিএসইতে দিনের লেনদেন শেষে সূচক এক হাজার ১১০ পয়েন্ট বা ছয় দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮৯৩ পয়েন্ট ছাড়িয়েছে। সিএসইতে গতকাল মোট ১৯০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৪টির ও কমেছে ছয়টি প্রতিষ্ঠানের। লেনদেন হয়েছে ৬৮ কোটি ৩৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার।