দুই স্টক এক্সচেঞ্জেই সিএফ বিভাগ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক বিবরণীর স্বচ্ছতা বাড়াতে আগামী এক মাসের মধ্যে পৃথক প্রাতিষ্ঠানিক অর্থায়ন বা করপোরেট ফাইন্যান্স (সিএফ) বিভাগ চালু করতে যাচ্ছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ।প্রাথমিক নিয়ন্ত্রক হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) যাতে নিজেরাই কোম্পানির হিসাবসংক্রান্ত বিষয় ও প্রাতিষ্ঠানিক সুশাসনের ওপর নজরদারি বাড়াতে পারে, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে এ দায়িত্বটি এককভাবে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পালন করত। কিন্তু লোকবলের অভাবে কাজটি এতদিন তেমন গুরুত্বের সঙ্গে দেখা হয়নি। ফলে কোনো কোম্পানির হিসাবে ভোজবাজি থাকলেও তা সেভাবে নজরে আসেনি। এতে অনেক ক্ষেত্রেই বিনিয়োগকারীরা প্রতারণার শিকার হয়েছেন। পুঁজিবাজারে প্রাথমিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এ ধরনের নজরদারির কাজ স্টক এক্সচেঞ্জগুলোই করে থাকে। এ ভাবনা থেকেই এসইসি উভয় স্টক এক্সচেঞ্জকে এ ক্ষেত্রে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। এসইসির সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জের নেতাদের এক বৈঠকে গতকাল বুধবার এ বিষয়ে আলোচনা হয়েছে। এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় সংস্থাটির সদস্য হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন ও আরিফ খান, ডিএসইর সভাপতি শাকিল রিজভী, সিএসইর সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদসহ দুই স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) উপস্থিত ছিলেন।বৈঠক শেষে এসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের জানান, স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিরা পৃথক সিএফ বিভাগ খোলার এসইসির প্রস্তাবের ব্যাপারে একমত পোষণ করেছেন। আগামী আগস্ট মাসের মধ্যে এই কার্যক্রম চালু হবে। এতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।সাইফুর রহমান বলেন, দুই স্টক এক্সচেঞ্জের প্রস্তাবিত সিএফ বিভাগে আর্থিক বিশ্লেষক (ফাইন্যানশিয়াল অ্যানালিস্ট) ও পেশাজীবী হিসাবরক্ষকদের (প্রোফেশনাল অ্যাকাউন্ট্যান্ট) নিয়োগ দেওয়া হবে। তাঁরা তালিকাভুক্ত প্রতিটি কোম্পানির হিসাবসংক্রান্ত বিষয় ও প্রাতিষ্ঠানিক সুশাসনের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে। একই সঙ্গে নিরীক্ষিত হিসাব বিবরণীতে ও নিরীক্ষকদের কোনো অনিয়ম আছে কি না, তা প্রতি মাসে এসইসিকে জানাবে। বৈঠক শেষে ফখরউদ্দিন আলী আহমেদ জানান, প্রাতিষ্ঠানিক সুশাসন আরও শক্তিশালী ও যুগোপযোগী করার সিদ্ধান্ত নিয়েছে এসইসি। দুই স্টক এক্সচেঞ্জই এই উদ্যোগকে স্বাগত জানায়।