দেশের দুই স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকদের প্রাথমিক তালিকা বিবেচনায় নেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ তালিকা সংশোধন করে ১১ ফেব্রুয়ারির মধ্যে পুনরায় কমিশনে দাখিল করতে বলা হয়েছে।
কমিশন সূত্র জানিয়েছে, স্বতন্ত্র পরিচালক নির্বাচনের জন্য যে যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, স্টক এক্সচেঞ্জ দুটির পক্ষ থেকে তালিকা প্রণয়নে পরিপূর্ণভাবে সেটি অনুসরণ হয়নি। এ কারণে বিএসইসি তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছে।
স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন কর্মসূচি অনুযায়ী, ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জের ১৩ সদস্যের পরিচালনা পর্ষদের সংখ্যাগরিষ্ঠ বা সাতজন সদস্য হবেন স্বতন্ত্র। যাঁদের মধ্য থেকে আবার স্টক এক্সচেঞ্জের সভাপতিও নির্বাচিত হবেন।
স্বতন্ত্র পরিচালক মনোনয়নের বিধান হিসেবে ডিমিউচুয়ালাইজেশন কর্মসূচিতে বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জ নির্ধারিত যোগ্যতার মাপকাঠি অনুযায়ী কমিশনের কাছে ১৪ জনের একটি তালিকা পাঠাবে। যা যাচাই-বাছাই শেষে কমিশন সাতজনের নাম অনুমোদন করবে।
সেই অনুযায়ী, সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে ১৪ জন করে ২৮ জনের আলাদা দুটি তালিকা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য জমা দেওয়া হয়। কিন্তু তালিকা দুটি ত্রুটিপূর্ণ হওয়ায় কমিশন তা গ্রহণ করেনি।
জানা গেছে, দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে স্বতন্ত্র পরিচালক হিসেবে এমন কিছু ব্যক্তির নাম প্রস্তাব করা হয়েছে, যাঁরা যোগ্যতার প্রাথমিক মাপকাঠি অনুযায়ী স্বতন্ত্র পরিচালক হওয়ার অযোগ্য। অর্থাৎ এসব ব্যক্তির সঙ্গে স্বার্থের দ্বন্দ্বের বিষয়টি জড়িত।
বিএসইসি সূত্র জানায়, সিএসইর প্রস্তাবিত তালিকায় সরকারের সাবেক এক সচিব, চট্টগ্রামের একজন ব্যবসায়ী নেতা, একজন নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং একজন সাবেক ব্যাংকার রয়েছেন, যাঁরা প্রাথমিকভাবে স্বতন্ত্র পরিচালক হওয়ার যোগ্যতার মাপকাঠিতে অযোগ্য বলে বিবেচিত।
স্বতন্ত্র পরিচালক হিসেবে প্রস্তাবিত সাবেক সচিব বর্তমানে তালিকাভুক্ত একটি ব্যাংকের পরিচালক। ব্যবসায়ী যে নেতার নাম প্রস্তাব করা হয়েছে, পারিবারিকভাবে তাঁদের একটি ব্রোকারেজ হাউস রয়েছে। এমনকি ওই নেতার ভাই বর্তমানে স্টক এক্সচেঞ্জের পরিচালক পদে রয়েছেন।
আবার সাবেক ব্যাংকার হিসেবে যাঁর নাম রয়েছে, তিনি একাধিক বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। আর নিরীক্ষা প্রতিষ্ঠানের যে প্রতিনিধির নাম প্রস্তাব করা হয়েছে, তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির নিরীক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের অংশীদার।
একইভাবে ডিএসইর প্রস্তাবিত তালিকায়ও এই ধরনের ত্রুটি রয়েছে।
এসব বিষয়ে দুই স্টক এক্সচেঞ্জের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।