দুই স্থলবন্দরে কার্যক্রম স্থগিত
দেশের একটি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে৷ আরেকটি দিয়ে বাণিজ্য আজ থেকে বন্ধ হতে চলেছে৷ দুই ক্ষেত্রেই ভারত সীমান্তে ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের বিরোধের জের ধরে এই পরিস্থিতি দেখা দিয়েছে৷
বুড়িমারী: প্রথম আলোর পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি জানিয়েছেন, ওপারের ভারতীয় কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তািনকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম গত রোববার থেকে বন্ধ রয়েছে।
ভারতের চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কুমার কানু মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের কাস্টমস সহকারী কমিশনার নতুন যোগদান করার পর সরকারি সিদ্ধান্ত ছাড়াই বাংলাদেশি পণ্যের শুল্কায়নে মূল্য (অ্যাসেসএবল ভ্যালু) ১০০ থেকে ১৫০ শতাংশ বাড়িয়ে ধরছেন৷ ফলে আমদানি-রপ্তািনকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে বিরোধ দেখা দিয়েছে৷ এখন তাই আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছি।’
ধর্মঘটের ফলে বুড়িমারী স্থলবন্দরে ভারতে রপ্তানিমুখী পণ্যবাহী অর্ধশতাধিক ট্রাক আটকা পড়েছে ।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) সোহেল রানা ভারতীয় পণ্য আমদানি-রপ্তািন বন্ধের সত্যতা স্বীকার করে বলেন, শুধু ভুটানি পণ্যের আমদানি-রপ্তানি চালু রয়েছে।
আখাউড়া: প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ভারতীয় ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের কারণে আজ থেকে বন্দরে আমদানি-রপ্তানি হবে না। এর আগে ভারতীয় এলাকায় বিএসএফ ও স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় গত শনি ও রোববার বন্দরে আমদানি-রপ্তানি হয়নি। তবে ওই দুই দিন আটকে থাকা পণ্য গতকাল সোমবার রপ্তানি হয়েছে।
জানা েগছে, নির্ধারিত স্থানের বাইরে ট্রাক রাখলে কমপক্ষে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে ত্রিপুরার ট্রাফিক পুলিশ। কিন্তু স্থানাভাবে ব্যবসায়ীদের প্রায়ই ট্রাক নির্ধারিত স্থানের বাইরে রাখতে হয়। এ অবস্থায় জরিমানা দিতে গিয়ে তাঁদের লোকসান গুনতে হচ্ছে।
এ নিয়ে গত রোববার রাতে পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন ভারতীয় ব্যবসায়ীরা। কিন্তু বৈঠকে বিষয়টির সুরাহা না হওয়ায় তাঁরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন। ওই বৈঠকে তাঁরা বাংলাদেশি ট্রাক থেকে পণ্য সরাসরি ভারতীয় ট্রাকে তোলার দাবি জানান। বর্তমানে বাংলাদেশি ট্রাক থেকে নামিয়ে রেখে পরে ভারতীয় ট্রাকে পণ্য ওঠাতে হয়।