দুই হাজার কোটি টাকার বেশি লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে অব্যাহতভাবে বাড়ছে লেনদেনের পরিমাণ। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জের সম্মিলিত লেনদেনের পরিমাণ দুই হাজার ১০০ কোটি টাকা ছাড়িয়েছে।এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ৮৯৯ কোটি টাকা। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত ডিসেম্বর-জানুয়ারির ধসের পর এটাই দুই স্টক এক্সচেঞ্জের সর্বোচ্চ লেনদেন।এর আগে গত ৮ ডিসেম্বর ডিএসইতে এক হাজার ৯৬৯ কোটি টাকা এবং ২ জানুয়ারি সিএসইতে ১৮৭ টাকা লেনদেন হয়েছিল। লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে গতকাল দুই স্টক এক্সচেঞ্জের মূল্যসূচকও বেড়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা পুঁজি ফিরে পাওয়ার আশায় বুক বাঁধলেও ভালো-খারাপ নির্বিশেষে সব ধরনের কোম্পানির শেয়ারের দর বাড়ায় আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা।যোগাযোগ করা হলে পুঁজিবাজার বিশ্লেষক ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আখতার হোসেন সান্নামাত প্রথম আলোকে বলেন, গত কয়েক দিন সূচক বাড়ার কারণে বিনিয়োগকারীরা টাকা পুনর্বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। এ কারণেই লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ছে। এটা বাজারের জন্য ইতিবাচকই বলা যায়। তবে ভালো শেয়ারের সরবরাহ কম থাকায় মানুষ দুর্বল কোম্পানির দিকে ঝুঁকছেন বলে মনে করেন তিনি।এ থেকে বেরিয়ে আসার জন্য আখতার হোসেন দ্রুততম সময়ের মধ্যে শেয়ার সরবরাহের প্রতিবন্ধকতাগুলো দূর করে নতুন নতুন কোম্পানির বাজারে তালিকাভুক্তির ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ভালো কোম্পানির সরবরাহ বাড়াতে পারলে দুর্বল মৌলভিত্তির কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক কিছুটা হলেও কমবে।বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল দর বৃদ্ধির শীর্ষে থাকা ২০টি কোম্পানির সবগুলোই ছিল ১০ টাকা বা এর কম অভিহিত মূল্যের (ফেসভ্যালু) শেয়ার। এগুলোর বেশির ভাগের পরিশোধিত মূলধনের পরিমাণও কম।প্রায় একই চিত্র দেখা গেছে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর ক্ষেত্রেও। এ তালিকায়ও একটি ছাড়া বাকি সব কোম্পানিরই অভিহিত মূল্য ১০ টাকা।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অনেক ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের কোনো কোম্পানির শেয়ারের দর ১০০ টাকা অভিহিত মূল্যের তুলনামূলক ভালো মৌলভিত্তির কোম্পানির চেয়ে বেশি হলেও বিনিয়োগকারীরা সেটি কেনার ব্যাপারেই বেশি আগ্রহ দেখান। কারণ অভিহিত মূল্য কম হওয়ায় টাকার অঙ্কে শেয়ারটির দর কম দেখায়। এ কারণেই কম অভিহিত মূল্যের শেয়ারের বেশি লেনদেন হচ্ছে।এ ব্যাপারে আখতার হোসেন বলেন, যত দ্রুত সম্ভব এসইসির উচিত হবে একটি নির্দিষ্ট সময় দিয়ে সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করে দেওয়া, যাতে অভিহিত মূল্য পরিবর্তনের সুযোগে কেউ কারসাজির আশ্রয় নিতে না পারেন।ডিএসইতে গতকাল সাধারণ মূল্যসূচক প্রায় ৪২ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৬৬১ হয়েছে। আর সিএসইর সার্বিক মূল্যসূচক ২৬১ পয়েন্ট বেড়ে হয়েছে ১৯ হাজার ১১৫ পয়েন্ট। সাধারণ ও সার্বিক মূল্যসূচক বাড়লেও উভয় স্টক এক্সচেঞ্জেই অপেক্ষাকৃত ভালো মৌলভিত্তির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-২০ এবং সিএসই-৩০ সূচক কমেছে।ডিএসইতে গতকাল হাতবদল হয়েছে ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে বেড়েছে ১৪১টির, কমেছে ১১১টির, আর অপরিবর্তিত ছিল নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সিএসইতে লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১৩টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত ছিল আটটি প্রতিষ্ঠানের শেয়ার দাম। ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় ছিল গ্রামীণফোন, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, সোস্যাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আরএন স্পিনিং, ম্যাকসন স্পিনিং, বেক্সিমকো ফার্মা, বেক্সটেক্স ও তিতাস গ্যাস।