দুগ্ধ খামারিদের সহায়তায় শত কোটি টাকার তহবিল হচ্ছে
দেশে দুগ্ধ উৎপাদন ও গবাদিপশুর কৃত্রিম প্রজননকেন্দ্র স্থাপনে স্বল্পসুদে ঋণ দিতে ১০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গতকাল বৃহস্পতিবার এ তহবিল গঠনের নীতিগত অনুমোদন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় গভর্নর আতিউর রহমান সভাপতিত্ব করেন।
জানা যায়, সরকারের প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে দুগ্ধ খামারি ও গবাদিপশুর কৃত্রিম প্রজননকেন্দ্রের খামারিদের সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ জোগানে একটি তহবিল গঠনের অনুরোধ করা হয়। বাংলাদেশ ব্যাংকের পর্ষদে গতকাল এ প্রস্তাবটি উঠলে তাতে সম্মতি মেলে।
পর্ষদ বৈঠকে অনুমোদন হওয়া নীতিমানা অনুসারে ব্যাংকগুলো ৫ শতাংশ সুদে এ তহবিল থেকে অর্থ নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ১০ শতাংশ সুদে তা বিতরণ করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ এ তহবিলের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। শিগগিরই এ বিষয়ে একটি নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর কাছে পাঠানো হবে বলে জানা গেছে।
জানা যায়, গতকালের বৈঠকে পুনঃ অর্থায়ন তহবিলের পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনাসহ ১৬টি বিষয় আলোচ্যসূচিতে ছিল। বৈঠকে শীর্ষ পাঁচজন ঋণখেলাপির বিস্তারিত তথ্য বৈঠকে উপস্থাপন করা হয়। তবে সময় কম থাকার কারণে শেষ পর্যন্ত এ নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়নি বলে সূত্র জানায়।