নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল গঠনের কাজ শুরু হয়েছে। এই দুটি এলাকায় প্রায় এক হাজার একর জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ৭৬২ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নিমিত্তে ভূমি অধিগ্রহণ প্রকল্প পাস হয়েছে। শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে শুরু হয়ে ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে এই দুটি অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণের কাজ শেষ হবে। এর মধ্যে মিরসরাইয়ে ৫০০ একর এবং আড়াইহাজারে ৪৯১ একর জমি অধিগ্রহণ করা হবে। মূলত জাপানের বিনিয়োগ আকৃষ্ট করতেই এই দুটি অর্থনৈতিক অঞ্চল গঠন করা হচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এই প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এদিকে এই প্রকল্পটিসহ গতকালের একনেকে মোট ৫ হাজার ২৩৮ কোটি ৫৪ লাখ টাকার ৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে দেশজ উৎস থেকে দেওয়া হবে ৩ হাজার ৪৪৫ কোটি ৪৮ লাখ টাকা। প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ১ হাজার ৭২৭ কোটি ১৬ লাখ টাকা। একনেকের সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগ নিয়েছে, সেই প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রতিটি এলাকায় একটি করে অর্থনৈতিক অঞ্চল থাকবে। কৃষিজমি যাতে নষ্ট না হয়, সেদিকে নজর রাখা হবে।
একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ১ হাজার ৩৯১ কোটি টাকার বাংলাদেশ টেলিভিশনের ৭টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন; ৭৫৪ কোটি টাকার লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স; ১ হাজার ২৩৮ কোটি টাকার গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড করা; ৪৯২ কোটি টাকার বৃহত্তর পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (পটুয়াখালী ও বরগুনা); ৩২২ কোটি টাকার যশোর-খুলনা জাতীয় মহাসড়কের যশোর অংশ (পালবাড়ী থেকে রাজঘাট অংশ) যথাযথ মানে উন্নীতকরণ এবং ২৮০ কোটি টাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের উন্মুক্ত স্থানসমূহের আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন প্রকল্প।