দুটি আইপিও আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহের অনুমোদন পেল আরও দুটি নতুন কোম্পানি। কোম্পানি দুটি হলো দেশবন্ধু পলিমার লিমিটেড এবং এমআই সিমেন্ট লিমিটেড। বাজারে বহুল পরিচিত ক্রাউন সিমেন্ট এমআই সিমেন্টের একটি পণ্য। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক সভায় গতকাল সোমবার কোম্পানি দুটির শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক ও গোল্ডেনসন লিমিটেডের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের রূপান্তরযোগ্য অগ্রাধিকার বা কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার ছাড়ার প্রস্তাবও অনুমোদন দিয়েছে এসইসি। বৈঠক শেষে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়া সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ‘এসব কোম্পানি বাজারে এলে শেয়ারের সরবরাহ বাড়বে, যা শেয়ারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কিছুটা হলেও সক্ষম হবে।’ এসইসি জানায়, দেশবন্ধু পলিমার লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যের এক কোটি ৬০ লাখ শেয়ার ছাড়বে। এর মাধ্যমে কোম্পানিটি ১৬ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ২৪ কোটি টাকা। নতুন করে অর্থ সংগ্রহের পর মূলধন বেড়ে ৪০ কোটি টাকায় উন্নীত হবে। আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ কোম্পানিটির মেশিনারিজের ভারসাম্য আনয়ন, আধুনিকায়ন, পুনর্বাসন ও সম্প্রসারণে (বিএমআরএই) কাজে লাগানো হবে। ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। এমআই সিমেন্ট লিমিটেড বুকবিল্ডিং পদ্ধতিতে মোট তিন কোটি শেয়ার বাজারে ছাড়বে। কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩ টাকা। এ মূল্যকেই ভিত্তি ধরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা চূড়ান্ত দরপত্রে অংশ নেবে। তাদের নির্দেশক মূল্যের ২০ শতাংশ কম-বেশির মধ্যে থেকেই দর প্রস্তাব করতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য আইপিওর ২০ ভাগ শেয়ার বরাদ্দ রাখা হবে। বাকি ৮০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারী, অনাবাসী বাংলাদেশি ও মিউচুয়াল ফান্ডের জন্য বরাদ্দ থাকবে। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড রাইট প্রস্তাবের মাধ্যমে ২৩ কোটি ৩৮ লাখ শেয়ার বিক্রি করবে। বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে আরও একটি শেয়ার পাবেন বিনিয়োগকারীরা। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারটির বিপরীতে কোনো প্রিমিয়াম চাওয়া হয়নি। রাইট শেয়ারের মাধ্যমে ব্যাংকটি ২৩৩ কোটি ৮৬ লাখ টাকার নতুন মূলধন সংগ্রহ করবে। রাইট প্রস্তাবের মাধ্যমে যমুনা ব্যাংক বিক্রি করবে ২২ কোটি ৩০ লাখ শেয়ার। বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি শেয়ার ইস্যু করবে ব্যাংকটি। শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। এ দরেই রাইট শেয়ার কিনতে পারবেন বিনিয়োগকারীরা। রাইটের মাধ্যমে প্রতিষ্ঠানটি ২২৩ কোটি টাকা সংগ্রহ করবে। রাইটের পর ব্যাংকটির পরিশোধিত মূলধন দাঁড়াবে ৪৪৬ কোটি টাকা।প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেনসন বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়বে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে কোম্পানিটি প্রিমিয়াম-মূল্য নেবে ২০ টাকা। অর্থাৎ, প্রিমিয়ামসহ কোম্পানিটির প্রতি শেয়ারের প্রস্তাবিত বিক্রয়মূল্য হবে ৩০ টাকা। রাইট শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানিটি ১৪৪ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ কোম্পানির ব্যবসা বহুমুখীকরণ, নতুন ইউনিট স্থাপন, ভবন নির্মাণ, পুরোনো বিভাগীয় শহরগুলোতে সার্ভিস পয়েন্ট স্থাপন ও চলতি মূলধনের কাজে লাগানো হবে।পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এক কোটি ২০ লাখ রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা। অগ্রাধিকার শেয়ার ছাড়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি বাজার থেকে ১২০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এ ব্যাপারে এসইসির নির্বাহী পরিচালক এ টি এস তারিকুজ্জামান প্রথম আলোকে বলেন, বর্তমান অগ্রাধিকার শেয়ার অনুমোদন পাওয়া এটিই হবে শেষ কোম্পানি। এরপর কোনো কোম্পানি অগ্রাধিকার শেয়ার ছাড়তে চাইলে নতুন বিধিমালা মেনেই আবেদন করতে হবে। যেহেতু কোম্পানিটি নতুন বিধিমালা প্রণয়নের আগে আবেদন করেছিল, সেহেতু এ কোম্পানিটির ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়নি।