চট্টগ্রাম বন্দরে দুটি জাহাজ দিয়ে পরীক্ষামূলকভাবে কনটেইনার টার্মিনাল ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয়-পদ্ধতি চালু করা হয়েছে।বন্দরের আরও আটটি কনটেইনার জেটিতে নতুন করে যেসব জাহাজ ভিড়বে, পর্যায়ক্রমে সেসব জাহাজের যাবতীয় দালিলিক কার্যক্রমও এ পদ্ধতির আওতায় আনা হবে বলে জানা গেছে।বন্দর সূত্র জানায়, গতকাল চিটাগাং কনটেইনার টার্মিনাল-সিসিটির দুটি জেটিতে এমভি নর্দার্ন হারমনি ও এমভি কুরিয়ার জাহাজের কনটেইনারের তথ্য, কনটেইনার খালাস, রপ্তানির জন্য বুকিং ইত্যাদি কার্যক্রম অনলাইনে সম্পাদন করা হয়। আগে সনাতন-পদ্ধতিতে কাগজপত্র ও লোকবলের উপস্থিতিতে এসব কাজ সম্পাদন করা হতো।জানা গেছে, গতকাল দুপুরে এমভি নর্দার্ন হারমনি ৬৩৭ বক্স ও এমভি কুরিয়ার ৪৮৬ বক্স আমদানি কনটেইনার নিয়ে আসে। এই দুটি জাহাজে ৪০০ বক্স করে রপ্তানি কনটেইনার বুকিংয়ের জন্য অনলাইনে তথ্য দেওয়া হয়েছে।বন্দর সূত্রে জানা গেছে, এ পদ্ধতিতে যে জাহাজে রপ্তানিপণ্য বোঝাই হবে, সেই জাহাজ জেটিতে ভেড়ার ২৪ ঘণ্টা আগেই রপ্তানিপণ্য বন্দর ইয়ার্ডে এসে পৌঁছাতে হবে।তবে পরীক্ষামূলক এ পর্যায়ে তৈরি পোশাকশিল্পের রপ্তানি কনটেইনার এ পদ্ধতিতে আসা বাধ্যতামূলক করা হয়নি। এ কারণে স্বয়ংক্রিয়-পদ্ধতির পাশাপাশি সনাতন-পদ্ধতিতে রপ্তানিপণ্য জাহাজে বোঝাই করার সুযোগ থাকছে।অর্থাৎ জাহাজ জেটিতে ভেড়ার ২৪ ঘণ্টা আগে রপ্তানি কনটেইনার ইয়ার্ডে আসতে না পারলেও সেগুলো সংশ্লিষ্ট জাহাজে বোঝাইয়ের সুযোগ থাকছে। আর নির্দিষ্ট সময়ে রপ্তানিপণ্য বন্দর ইয়ার্ডে পৌঁছার সক্ষমতা অর্জন করলে পোশাকশিল্পের কনটেইনার এ পদ্ধতির আওতায় আসবে বলে জানা গেছে।বন্দর কর্মকর্তারা জানান, স্বয়ংক্রিয়-পদ্ধতি পুরোপুরি চালু হলে বন্দরের সক্ষমতা অনেক বাড়বে। জাহাজের গড় অবস্থান সময় কমবে। এতে জাহাজ মালিকদের সময় ও অর্থ সাশ্রয় হবে। এ ব্যবস্থায় সই নেওয়ার দরকার হবে না। অর্থাৎ পণ্য খালাসের জন্য বন্দর অংশে কারও সঙ্গে সরাসরি যোগাযোগের দরকার হচ্ছে না। এ ছাড়া অনলাইনে জাহাজ আসার ঘোষণা এবং জেটি বরাদ্দ দেওয়ার আবেদন করা যাবে।