দুটি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে বিটিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন কোম্পানিসহ বিভিন্ন টেলিফোন কোম্পানির হিসাব আলাদাভাবে নিরীক্ষণের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।এরই অংশ হিসেবে কোম্পানিগুলোর হিসাব নিরীক্ষার জন্য ইতিমধ্যে দুটি হিসাব নিরীক্ষা প্রতিষ্ঠানকে নিয়োগ করেছে বিটিআরসি। প্রতিষ্ঠান দুটি হলো ফজল অ্যান্ড কোম্পানি ও আহমেদ জাকের অ্যান্ড কোম্পানি।প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠান দুটি গ্রামীণফোন ও বাংলালিংক এবং দ্বিতীয় পর্যায়ে রবি ও সিটিসেলের হিসাব নিরীক্ষা করবে বলে জানিয়েছে বিটিআরসি সূত্র। তবে আনুষ্ঠানিকভাবে কাগজপত্র দিয়ে কার্যক্রম শুরুর নির্দেশ দিতে আরও ১৫ কর্মদিবস সময় লাগবে।বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, এ ধরনের পদক্ষেপের ফলে টেলিফোন অপারেটরদের আর্থিক স্বচ্ছতার বিষয়টি আরও নিশ্চিত হবে। অপারেটররা সরকারকে কত রাজস্ব দিচ্ছে, কত আয় করছে, এগুলো যথাযথভাবে নিরীক্ষার প্রয়োজন রয়েছে। তবে নিরীক্ষা কোম্পানিগুলোর মধ্যে টেলিযোগাযোগ বিশেষজ্ঞ অবশ্যই থাকতে হবে বলে তিনি জানান।বিটিআরসির নথি অনুযায়ী, পর্যায়ক্রমে সরকারি মোবাইল প্রতিষ্ঠান টেলিটকসহ এয়ারটেল, বাংলাট্রাক লিমিটেড, মীর টেলিকম, নভোটেল লিমিটেড, সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল), গ্যাটকো টেলিকমিউনিকেশন্স লিমিটেড, এম অ্যান্ড এইছা টেলিকমের হিসাব নিরীক্ষা করা হবে।নিরীক্ষায় কোনো ধরনের অস্বচ্ছতা বা ত্রুটি চিহ্নিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান।বাংলালিংকের রেগুলেটরি বিভাগের প্রধান জাকিউল ইসলাম সরকারের এ প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এটা খুব ভালো উদ্যোগ। এতে সরকারের কাছে আমাদের ব্যবসার স্বচ্ছতা নিশ্চিত হবে।’ একই অভিমত জানান গ্রামীণফোনের করপোরেট বিভাগের প্রধান মাহমুদ হোসেন।