দুটি বিমা কোম্পানিকে জরিমানা আইডিআরএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমা দাবি পরিশোধ না করায় পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি এবং বাকিতে ব্যবসা করায় এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স কোম্পানিকে জরিমানা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
পদ্মা লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কয়েক বছর আগে জীবন বিমা পলিসি খুলেছিলেন মো. শাহীন। শাহীনের মৃত্যুর পর মনোনীত ব্যক্তি (নমিনি) তাঁর মা আকলিমা বেগম কোম্পানিতে গেলে দাবি পরিশোধে গড়িমসি করা হয়। আকলিমা বেগম অভিযোগ করেন আইডিআরএর কাছে। আইডিআরএ এ ব্যাপারে গত বুধবার ত্রিপক্ষীয় শুনানির আয়োজন করে।
শুনানি শেষে মূল বিমা দাবি তিন লাখ টাকার পাশাপাশি প্রচলিত ব্যাংক হারের চেয়ে পাঁচ শতাংশ বেশি হার ধরে চার বছরের সুদ অর্থাৎ বিলম্ব মাশুলসহ দাবি পরিশোধের নির্দেশ দেয় আইডিআরএ। দাবি পরিশোধে গাফিলতির জন্য মহাব্যবস্থাপক এস এম রোকন উদ্দিনকে ২৫ হাজার টাকা এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপক গোপাল চন্দ্র কর্মকারকে ব্যক্তিগতভাবে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, বাকিতে ব্যবসা করায় এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্সকে তিন লাখ টাকা জরিমানা করেছে আইডিআরএ। কোম্পানির মতিঝিল শাখার ব্যবস্থাপক চৌধুরী এ এস মাহবুবকে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা এবং কোম্পানিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
আইডিআরএ চেয়ারম্যান শুনানি গ্রহণকালে সতর্ক করে দেন কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিধুভূষণ চক্রবর্তী ও অতিরিক্ত এমডি মোহাম্মদ হোসেনকে। তিনি বলেন, ভবিষ্যতে একই ধরনের কাজ হলে শাখার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।